২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দখল আর দূষণে পড়ে বিপন্ন বৈরাগীর খাল

দখল আর দূষণের কবলে পড়ে গোপালগঞ্জের প্রাণ হিসেবে পরিচিত বৈরাগীর খাল আজ প্রায় বিপন্ন। খালের দূষিত পানির কারণে শহরাবাসী আক্রান্ত হচ্ছে নানান রোগে। কৃষি কাজে বেড়েছে খরচ ও শ্রম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2010, 08:35 AM

Updated : 25 Aug 2022, 10:59 AM

গোপালগঞ্জ, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দখল আর দূষণের কবলে পড়ে গোপালগঞ্জের প্রাণ হিসেবে পরিচিত বৈরাগীর খাল আজ প্রায় বিপন্ন। খালের দূষিত পানির কারণে শহরাবাসী আক্রান্ত হচ্ছে নানান রোগে। কৃষি কাজে বেড়েছে খরচ ও শ্রম। খালের দুপাড়ে পাইল দিয়ে জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে এবং হচ্ছে বিভিন্ন ধরনের স্থাপনা। বাথরুমের সেফটি ট্যাংকিও দেখা যায় খালের কোথাও কোথাও। শহরের ড্রেনগুলো খালে এসে শেষ হওয়ায় বর্জ্যে প্রতিনিয়ত বাড়ছে খালের পানি দূষণ। দীর্ঘদিন কোনো প্রকার খনন না হওয়ায় বর্জ্য জমে খালটির কোনো কোনো জায়গায় এখন আর জোয়ারের পানি ঢুকতে পারে না। পাড় দিয়ে হাঁটলে পাওয়া যায় দুর্গন্ধ। দূষণ এমন মাত্রায় পৌঁছেছে যে শহরের অনেকের কাছে এটি এখন পরিচিত মশা তৈরির কারখানা হিসেবে। ফলে সদর থানার পেছন থেকে বোড়াশিয়া পর্যন্ত দীর্ঘ এ খালের পাড়ে বসবাসকারী অন্তত ২০ হাজার মানুষসহ শহরের অন্যরাও আছেন স্বাস্থ্যহানির হুমকিতে। স্থানীয়রা জানান, একটা সময় গোসল, কাপড় ধোঁয়া, থালা-বাসন পরিস্কারসহ গৃহস্থালীর কাজে এ খালের পানি ব্যবহার করা হতো। কিন্তু এমনভাবে পানি দূষিত হয়েছে যে তা আর ওইসব কাজে ব্যবহার করা যাচ্ছে না। শুষ্ক মৌসুমে এ সঙ্কট তীব্র হয়। বাড়ির পাশে খাল থাকলেও এর পানি ব্যবহার করতে না পারায় ক্ষুব্ধ অনেকে। ক্ষুব্ধ এলাকার কৃষকরাও। জীবন সাহা নামে ক্ষুব্ধ এক কৃষক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা বৈরাগীর খালের পানির ওপর নির্ভর করে চেচানিয়া কান্দির ডাঙ্গা ও পৌর এলাকার জমি চাষাবাদ করতাম। এ খালের পানি অধিক ফসল উৎপাদনে সহায়ক ছিলো।" এবার খালে পানি না থাকায় ইরি-বোরো ক্ষেতে সেচ ব্যাহত হয়েছে জানিয়ে তিনি বলেন, "শ্যালো বসিয়ে সেচ দিয়েও ভাল ফসল পাইনি। ধান কাটার পর ভ্যান ও গাড়িতে করে পরিবহন করতে হয়েছে। এতে বেশি খরচ পড়েছে।" খাল খনন করে পানি প্রবাহ সচল করলে সেচ সঙ্কট ও ধান পরিবহন সমস্যা দূর হবে বলে জানান জীবন। জেলা জাসদের সভাপতি ও খাল পাড়ের বাসিন্দা অ্যাডভোকেট সহিদুল ইসলাম সহিদ বলেন, "যে যেভাবে পারছে খালের জায়গা দখল করে নিচ্ছে। গড়ে তুলছে পাকা স্থাপনা। এর ফলে দিনদিন খালের পরিধি ছোট হয়ে আসছে। কিন্তু কেউ নজর দিচ্ছে না।" অনতবিলম্বে দূষণ ও দখল রোধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, "এ খাল খনন করে পরিবেশ ফিরিয়ে এনে দুই পাড়ের মানুষকে বাঁচাতে হবে।" থানার পাশের খালের সঙ্গে বৈরাগীর খালকে সংযুক্ত করার দাবি জানান তিনি। নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন দখলদার বলেন, "খালের মধ্যে আমাদের বৈধ জমি আছে। তাই পাইল দিয়ে মাটি ফেলে সে জমি দখলে নিচ্ছি। খাল দখল করছি না।" পৌরসভার কাউন্সিলর আতিকুর রহমান পিটু জানান, বোড়াশী থেকে আমেনা স্কুল পর্যন্ত খালের পাঁচ কিলোমিটার খননের জন্য বিএডিসির কাছে পৌরসভার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৪৩০ ঘ.