ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসুস্থতার জন্য ১৩ দিন বিশ্রামে থাকার পর অফিস করতে শুরু করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি সচিবালয়ে নিজ কার্যালয়ে আসেন। সেখানে কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় এবং মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে কথা বলেন তিনি।
এরপর ১১টায় তিনি মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন বলে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
গত ১১ মে উচ্চ রক্তচাপের কারণে হাসপাতালে ভর্তি হন ৭৮ বছর বয়সী অর্থমন্ত্রী। পাঁচদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকার পর বাড়ি ফেরেন তিনি।
এ সময়ে তিনি বাড়িতে থেকেই কাজকর্ম চালিয়ে গেছেন বলে জানিয়েছেন তার সহকারী একান্ত কর্মকর্তা আসম রাশেদ।
মুহিত আগামী ১০ জুন জাতীয় সংসদে ২০১০-১১ অর্থবছরের বাজেট প্রস্তাব করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১১৪৫ ঘ.
bdnews24