২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শা যুবলীগ নেতা খুনের ঘটনায় গ্রেপ্তার ২

জেলার শার্শা উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান রতন হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2010, 05:50 PM

Updated : 25 Aug 2022, 10:52 AM

বেনাপোল (যশোর), মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলার শার্শা উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান রতন হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলেছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছোরা ও নয়টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ১০টায় উপজেলার লক্ষ্মণপুর গ্রাম থেকে আটক করা হয় ফারুক হোসেন ওরফে গাঙ্গুয়াকে (২২)। তার দেওয়া তথ্য অনুযায়ী রাত সাড়ে ১২টায় আটক করা হয় একই উপজেলার উত্তর কাগজপুর গ্রামের আলমগীর হোসেনকে (৪২)। গত ১৫ মে শার্শা উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনকে দুস্কৃতকারীরা জবাই করে হত্যা করে। শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম সাহাদত হোসেন জানান, জিজ্ঞাসাবাদে এ দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে লক্ষ্মণপুর গ্রামের আরব আলীর বাড়ি থেকে নয়টি তাজা বোমা ও রতন হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্ত মাখা একটি ছোরা উদ্ধার করা হয়। এসআই জানান, আলমগীর জিজ্ঞাসাবাদে বলেছেন আরব আলী রতন হত্যাকাণ্ডের দিন বিকালে সাড়াতলা বাজার থেকে এক লাখ টাকা চাঁদা আদায় করা হবে বলে তাকে ফোন করে ডেকে আনে। তিনি রতনকে খুন করার পরিকল্পনার বিষয়টি জানতেন না। তাকে জোর করে ঘটনায় জড়ানো হয়েছে বলে আলমগীর দাবি করেন। ফারুক বলেছেন, হত্যাকাণ্ডে থাকলে দুই হাজার টাকা দেওয়ার বলে সুড়া গ্রামের এক ব্যক্তি তাকে নিয়ে যায়। টাকা এখনো পাননি বলে তিনি দাবি করেন। তার দাবি, আরব আলী ও লাল্টু নামে তার এক সহযোগী বোমা ফাটিয়ে রতন রাস্তা থেকে ধরে নিয়ে মাঠে নিয়ে যায়। সেখানে মোহাম্মদ আলী নামে মহেশপুরের একজন তাকে ছোরা দিয়ে জবাই করে মৃত্যু নিশ্চিত করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৩৯ ঘ.