ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রিট আবেদনের শুনানির বেঞ্চ বদল করা হয়েছে।
বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের বেঞ্চের সোমবারের কার্যতালিকা থেকে রোববার রিট আবেদনটি বাদ দেওয়া হয় বলে ওই বেঞ্চের দায়িত্বরত ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য পাঠানো হয়েছে। তবে কবে নতুন এই বেঞ্চে শুনানি হবে সে বিষয়ে তিনি কিছু জানেন না।
মোতাহার হোসেন বিচারপতি মো. ইমান আলীর নেতৃত্বের বেঞ্চের একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেন, রোববার বিকাল পাঁচটার কিছুক্ষণ পর প্রধান বিচারপতির একান্ত সচিবের পক্ষ থেকে রিট আবেদনটি বিচারপতি ইমান আলীর বেঞ্চ থেকে প্রত্যাহারের কথা জানানো হয়। এরপর রিট আবেদনটির নথি ফেরত পাঠানো হয়। পরে বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বের বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য পাঠানো হয়েছে।
গত ১৭ মে খালেদা জিয়ার সময় আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. ইমান আলী ও ওবায়দুল হাসানের বেঞ্চ এই রিট আবেদনের শুনানি ২৪ মে পর্যন্ত মুলতবি করে।
গত ১১ মে আইনজীবী টিএইচ খানের নেতৃত্বে বিএনপি সমর্থক একদল আইনজীবী ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আব্দুল মতিনের কাছে বেঞ্চ বদলের আবেদনটি উপস্থাপন করেন।
সেদিন প্রধান বিচারপতি মো. ফজলুল করিম দেশে ফিরে আসলে তার কাছে আবেদনটি উপস্থাপনের নির্দেশ দেন মতিন।
এর আগে ৫ মে বেঞ্চ বদলের আবেদন খারিজ করে দেয় একই বেঞ্চ।
গত ১৩ এপ্রিলও এ বেঞ্চে শুনানিতে আপত্তি জানান খালেদা। তখনও সেটি নাকচ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২৩০৯ ঘ.
bdnews24