২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ: তদন্ত সংস্থার জনবল বাড়ানোর চিন্তাভাবনা

একাত্তরের যুদ্ধাপরাধের বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করতে সরকার তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেলের জনবল বাড়ানোর চিন্তাভাবনা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2010, 03:21 PM

Updated : 25 Aug 2022, 10:52 AM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধের বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করতে সরকার তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেলের জনবল বাড়ানোর চিন্তাভাবনা করছে। যুদ্ধাপরাধ বিচারে গঠিত তদন্ত সংস্থা এবং আইনজীবী প্যানেলের সঙ্গে এক সভা শেষে রোববার আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের একথা জানান। যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় মাসিক এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। আইন মন্ত্রীর সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তদন্ত সংস্থার প্রতিনিধি আবদুর রহিম, আইনজীবী প্যানেলের প্রধান গোলাম আরিফ টিপুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। শফিক আহমেদ বলেন, "তদন্ত সংস্থা সরকারের কাছে আরো জনবল ও আনুষঙ্গিক সহায়তা চেয়েছে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যেই তাদের জন্য জনবল ও আনুষঙ্গিক সহায়তা নিশ্চিত করা হবে।" তিনি জানান, প্রয়োজনে তদন্ত সংস্থা এবং আইনজীবী প্যানেলে আরো জনবল দেওয়া হবে। যাতে তারা সুষ্ঠুভাবে তদন্ত ও বিচার প্রক্রিয়ায় ভূমিকা রাখতে পারেন। "এক্ষেত্রে বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও গবেষণার জন্যও নতুন কিছু আইনজীবী নিয়োগ দেওয়া হতে পারে। যা পুরো বিচার প্রক্রিয়াকেই সাহায্য করবে", বলেন মন্ত্রী। গত ২৫ মার্চ সরকার যুদ্ধাপরাধ বিচারে তদন্ত সংস্থা, ট্রাইব্যুনাল ও আইনজীবী প্যানেল গঠনের ঘোষণা দিলে বহু প্রতীক্ষিত এই বিচারের প্রক্রিয়া শুরু হয়। তদন্ত সংস্থার সদস্য শামসুল আরেফিনের পদত্যাগের সংবাদ প্রসঙ্গে শফিক আহমেদ জানান, এ ধরনের সংবাদের কোনো সত্যতা নেই। তিনি অসুস্থ থাকায় এতোদিন কাজে যোগ দিতে পারেননি। রোববারই তিনি কাজে যোগ দিয়েছেন। তদন্ত সংস্থার প্রধানের পদত্যাগের পর এ পদে নতুন কাউকে নিয়োগ দেওয়া হবে কি না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, শুধুমাত্র আইনজীবী প্যানেলের প্রধানের পদ রয়েছে। তদন্ত সংস্থার প্রধানের কোনো পদ রাখা হয়নি। এখানে সবাই সমান ভূমিকা রাখবেন। 'রাজনৈতিক উদ্দেশ্যে' যুদ্ধাপরাধের বিচার করা হচ্ছে- বিরোধী দলের এই অভিযোগ নাকচ করে দিয়ে তিনি বলেন, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। মূলতঃ আইনের শাসন প্রতিষ্ঠায় মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্র"তি। এ নিয়ে কোনো কোনো মহল বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২১১১ ঘ.