মৌলভীবাজার, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে দু'দলের সংঘর্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শনিবার অন্তত ৩০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে চার পুলিশ সদস্যও রয়েছেন।
আহতদের ১০ জনকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুল্লাহ্ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার লৈয়ারকুল গ্রামের নানু মিয়ার সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল রাশেদা বেগমের বাবার পরিবারের।
দুপুর ২টার দিকে নানু মিয়ার লোকজন একটি জমিতে বেড়া দিতে শুরু করলে রাশেদা পুলিশে খবর দেন। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে যায়।
এদিকে পুলিশের উপস্থিতিতে উভয়পক্ষের একশয়েরও বেশি লোক দা, সুলফি ও লাঠিসোঠা নিয়ে সংঘর্ষ শুরু করে।
পরে তিনি (ওসি) অতিরিক্ত পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সংঘর্ষ থামাতে গিয়ে ইটের আঘাতে চার পুলিশ সদস্য আহত হন বলেও তিনি জানান।
পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ থানায় মামলা করেনি বলে পুলিশ কর্মকর্তা জানান।
আহত পুলিশ সদস্যরা হলেন- উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম (৩২), কনস্টেবল আব্দুল কাইয়ুম (৩২), আবুল হোসেন (২৮) ও মাহবুব আলম ( ৩২)। থানার পিকআপ চালক মাহবুব আলমও (৩২) আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত অন্যরা হলেন- আলী আক্কাছ (৫০), আবদাল মিয়া (৪৫), ফুল মিয়া (৬০), মাহমুদা খাতুন (৪৮), তার ছেলে সুফি মিয়া (৬), মন্নাফ মিয়া (৩৫), আলা উদ্দিন (২৫), হুমায়ুন কবির (৩১), আলী আহমদ (১৭), শামসু মিয়া (১৩), মনু মিয়া (৪০) ও আব্দুস শহীদ (৫৫)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১০ ঘ.
bdnews24