২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু সেতুর উজানে ভাঙ্গন ঠেকানো সম্ভব : পাউবো

পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলেছে, বঙ্গবন্ধু সেতুর উজানে যমুনা সেতুর ডানতীরে প্রায় ৭ কিলোমিটার অংশে স্থায়ী প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিলে এ এলাকায় ভাঙ্গন ঠেকানো সম্ভব হবে। সেই সঙ্গে সেতুর গাইড বাঁধও ঝুঁকিমুক্ত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2010, 03:17 PM

Updated : 26 Apr 2022, 01:04 AM

সিরাজগঞ্জ, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলেছে, বঙ্গবন্ধু সেতুর উজানে যমুনা সেতুর ডানতীরে প্রায় ৭ কিলোমিটার অংশে স্থায়ী প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিলে এ এলাকায় ভাঙ্গন ঠেকানো সম্ভব হবে। সেই সঙ্গে সেতুর গাইড বাঁধও ঝুঁকিমুক্ত হবে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক মো. হাবিবুর রহমান বলেন, "সেতুর গাইড বাঁধ থেকে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ (হার্ড-পয়েন্ট) পর্যন্ত নদীর পশ্চিম পাড়ে এই ব্যবস্থা নিতে হবে। প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা না হলে সেতুর পশ্চিমপাড়ে শিল্প-পার্ক স্থাপনের জন্য নির্ধারিত সিরাজগঞ্জের সায়েদাবাদ এলাকা সম্পূর্ন ঝুঁকির মধ্যে পড়বে।" পাউবো মহাপরিচালক শুক্রবার দুপুরে গত বছরের ভাঙ্গন কবলিত সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের সংস্কার ও মেরামত কাজ পরিদর্শনে এসে স্থানীয় সাংবাদিক ও পাউবো কর্মকর্তাদের এসব কথা বলেন। তিনি আরও বলেন, "যমুনা নদীর ভাঙ্গন ইতিমধ্যে সদর উপজেলার ঘোনাপাড়ার ভিতরে ঢুকে পড়েছে। আর এভাবে ভাঙ্গন অব্যাহত থাকলে শিল্প পার্কের জন্য যে স্থান নির্বাচন করা হয়েছে, তার উজানে উত্তর-পশ্চিম অংশে নদীর ভাঙ্গন ভিতরে চলে আসবে। ফলে প্রকল্প বাস্তবায়নের আগেই এই এলাকা ঝুঁকির মধ্যে পড়বে। পাউবো মহাপরিচালক বলেন, "ইতিমধ্যে একটি বিশেষ কারিগরি দল এসব এলাকা পরিদর্শন করে জরুরীভিত্তিতে প্রতিরক্ষামূলক প্রকল্প গ্রহনের জন্য পাউবোকে পরামর্শ দিয়েছে।" তিনি রাজশাহী অঞ্চলের প্রধান প্রকৌশলী সাজ্জাদ করিম চৌধুরী, বগুড়া জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আফজাল হোসেন, সিরাজগঞ্জ পাউবোর পওর (পর্যবেক্ষন ও রক্ষনাবেক্ষন) বিভাগের নির্বাহী প্রকৌশলী সুজয় চাকমা ও বিআরই (বহ্মপুত্র রাইট এমব্যাংকমেন্ট) শাখার নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মালেককে উক্ত ৭ কিলোমিটার অংশের স্থায়ী প্রতিরক্ষামূলক কাজের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) জরুরীভিত্তিতে দাখিল করার পরামর্শ দেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সেতু থেকে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ পর্যন্ত এ প্রকল্প বাস্তবায়িত হলে এ অঞ্চলে বিশাল আয়তনের কৃষি জমি পূনরুদ্ধার করা সম্ভব হবে। এমনকি যমুনার ডানতীর ভাঙ্গনমুক্ত হয়ে সিরাজগঞ্জ শহর দক্ষিন-পূর্ব কোনে আরও বর্ধিত হবার সুযোগ সৃষ্টি হবে। সেইসাথে শিল্প-পার্কের জন্য প্রায় ৪ শ একর জমিও ড্রেজিংয়ের মাধ্যমে খুব সহজেই গড়ে তোলা সম্ভব হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৫৯ ঘ.