২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট চাইতে প্রয়োজনে মঞ্জুরের বাসায় যাবো : মহিউদ্দিন

ভোট চাইতে প্রয়োজনে বিএনপি সমর্থিত প্রার্থী এম. মঞ্জুর আলমের বাসায় যাবেন নাগরিক কমিটির মেয়রপ্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2010, 01:46 PM

Updated : 25 Aug 2022, 10:46 AM

চট্টগ্রাম, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোট চাইতে প্রয়োজনে বিএনপি সমর্থিত প্রার্থী এম. মঞ্জুর আলমের বাসায় যাবেন নাগরিক কমিটির মেয়রপ্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। তিনি শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরীতে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন। তিনি বলেন, 'ভোট চাইতে আমি মঞ্জু সাহেবের বাসায় যেতেও রাজি। উনার ঘরের যে কেউ একজন আমাকে ভোট দিতে পারেন।' কোন্দল মেটাতে তিনি দলের ভেতরে তার বিরোধী বলে পরিচিত নেতাদের বাসায় যাবেন বলে জানান। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মহিউদ্দিন চৌধুরী ছাড়াও দলে তার বিরোধী বলে পরিচিত সহ-সভাপতি ও সাংসদ নুরুল ইসলাম বিএসসির অনুসারী সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনী তফশিল ঘোষণার আগে থেকেই মহিউদ্দিন চৌধুরীর বিরোধী বলে পরিচিত দলের নেতারা প্রার্থী হওয়ার বিষয়ে তার বিরুদ্ধে অবস্থান নেন। এ প্রসঙ্গে মহিউদ্দিন বলেন, রাজনৈতিক দলে গ্র"পিং থাকেই। কেউ মনোননয়নপত্র জমা দেয়া মানেই কোন্দল নয়, এটি নির্বাচন করার ইচ্ছা। সবারই এ অধিকার আছে। মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তৃণমূল নেতারা তাকে মনোনয়ন দিয়েছে দাবি করে তিনি বলেন, দলীয় সভানেত্রী নিশ্চয়ই কোন্দল নিরসনের উদ্যোগ নেবেন। নির্বাচনী প্রচারণা শুরুর পর ভোট চাইতে তিনি দল ও দলের বাইরে সব নেতার বাসায় যাবেন বলে উল্লেখ করেন। প্রসঙ্গত, মেয়র নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের পর মহিউদ্দিন চৌধুরী তাঁর বিরোধী বলে পরিচিত দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ আখতারুজ্জামান চৌধুরী এবং উত্তর জেলার সভাপতি সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বাসায় যান। নির্বাচনী অঙ্গীকার প্রসঙ্গে মহিউদ্দিন চৌধুরী বলেন, নির্বাচনী আইনী বাধ্যবাধকতার কারণে আপাতত কোন প্রতিশ্র"তি দিচ্ছি না। তবে আমি কি করতে পারি বা করতে চাই সেটা চট্টগ্রামের মানুষ জানে। তিনি বলেন, "মেয়র নির্বাচিত হই বা না হই আমি বিপদে-আপদে অতীতের মতো চট্টগ্রামবাসীর পাশে থাকবো।" তিনি নগর সরকার (সিটি গভর্ণমেন্ট) বাস্তবায়নের আন্দোলন চালিয়ে যাবার ঘোষণাও দেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি নির্বাচনে জয়লাভের ব্যাপারে আশাবাদী। তিনি চট্টগ্রামে বিদেশী বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করেছেন উল্লেখ করে বলেন, চট্টগ্রাম বন্দরে বিদেশী বিনিয়োগকারী প্রতিষ্ঠান এসএসএ'র উদ্যোগের বিরোধিতা করেছিলাম বলে অনেকে মনে করেন আমি বিদেশী বিনিয়োগের বিরোধী। তিনি বলেন, কেউ যদি বিনিয়োগের নামে আমাদের গলা টিপে ধরে আগ্রাসন করতে চায়, চট্টগ্রামে ঘাঁটি গড়তে চায় তাহলে আমি আবারও তার বিরোধিতা করব। দীর্ঘ ১৭ বছর তিন দফায় মেয়র হিসেবে দায়িত্ব পালনকারী মহিউদ্দিন চৌধুরী বৃহস্পতিবার সকালে পদত্যাগ করে মনোনয়নপত্র জমা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/১৯৩৫ ঘ.