২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ডাকাতের গুলিতে আহত ৪

বাগেরহাটের ফকিরহাটে ডাকাতর গুলিতে আহত হয়েছে চারজন। এছাড়া ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আরো একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2010, 10:56 AM

Updated : 25 Aug 2022, 10:48 AM

বাগেরহাট, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের ফকিরহাটে ডাকাতর গুলিতে আহত হয়েছে চারজন। এছাড়া ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আরো একজন। শুক্রবার ভোররাতে ফকিরহাটের আট্টাকি গ্রামে মো. আবুল কাশেমের বাড়িতে ডাকাত দল হানা দেয় বলে পুলিশ ও স্থানীয়রা জানায়। ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন গৃহকর্তা কাশেম (৩৫)। ডাকাতদের ধাওয়া করতে গিয়ে গুলিবিদ্ধ হন কাশেমের প্রতিবেশী তিন সহোদর আশরাফ আলী (৪২), আকরাম হোসেন (৩৭), ইকরাম হোসেন (৩০) এবং তাদের ভাইপো মামুন শেখ (২৭)। আহতদের মধ্যে কাশেম, ইকরাম ও মামুনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতির পরপরই পুলিশ ফকিরহাটের খাজুরা এলাকা থেকে সালাম মোল্লা (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার বাড়ি একই উপজেলার পিলজং ইউনিয়নের সাহাপুর গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালাম ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে ফকিরহাট থানার ওসি সালাউদ্দিন মিঞা জানিয়েছেন। ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নিয়ামত হোসেন ঘটনাস্থল ঘুরে এসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ২টার দিকে ব্যবসায়ী কাশেমের বাড়িতে ঢোকে পাঁচ-সাত জন সশস্ত্র ডাকাত। "তারা কাশেমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তার আগে কাশেম ডাকাতদের ধারালো অস্ত্র কেড়ে নিয়ে কুপিয়ে দুই ডাকাতকে আহত করে।" কাশেমের চিৎকারে প্রতিবেশীরা এলে ডাকাতদের ধাওয়া করলে তারা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায় বলে নিয়ামত জানান। ওই সময় গুলিবিদ্ধ হন চারজন। আহত কাশেমকে নিয়ে তার স্ত্রী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে থাকায় ডাকাতরা কী কী লুট করেছে, তার সঠিক তথ্য পাওয়া যায়নি। পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পর খাজুরা এলাকা থেকে সালাম নামে ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যে অন্য ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সাভারে ব্যবসায়ী ও প্রবাসীর বাড়িতে ডাকাতি ঢাকার সাভারে এক ব্যবসায়ী ও এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতের ছুরিকাঘাতে দুজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সাভার প্রতিনিধি জানান, উত্তর চাপাইন মহল্লার ওই দুই বাড়িতে শুক্রবার ভোরে ডাকাতরা হানা দেয়। এনিয়ে চলতি মাসে সাভারে ছয়টি ডাকাতির ঘটনা ঘটেছে। ইংল্যান্ড প্রবাসী একেএম মোমেনের বাড়িতে গেটের তালা ভেঙ্গে ঢোকে ডাকাতরা। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে লুটপাট চালায় তারা। ডাকাতিতে বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে মোমেনের ভাই মাসুদ ও ভগ্নিপতি তারেক আহত হন। পরে ডাকাতরা পাশের ব্যবসায়ী খোকন মজুমদারের বাড়িতে ঢুকেও লুটপাট চালায়। সাভার থানার ওসি আবু তাহের সাংবাদিকদের বলেন, ডাকাতি হওয়া দুটির বাড়িতে পুলিশ গেছে। মামলার প্রস্তুতি চলছে। তবে দুপুর পর্যন্ত ডাকাতদের কাউকে গ্রেপ্তার কিংবা লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪৫ ঘ.