সিরাজগঞ্জ, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাব পাড়াকে কেন্দ্র করে সিরাজগঞ্জ পৌর এলাকার রামগাতী ও রেল কলোনী মহল্লার দু'দল যুবকের মধ্যে দু'দফায় সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষ ঘটে।
আহতদের মধ্যে একজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, রেল কলোনী এলাকার কয়েকজন যুবক বুধবার রাত ১১ টার দিকে রামগাতী এলাকায় ডাব পারতে গেলে তাদের বাধা দেওয়া হয়। তারা মারমুখী আচরণ করলে রামগাতীর যুবকরা এগিয়ে আসে। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
একপর্যায়ে রামগাতীর আরও কয়েকজন যুবক এগিয়ে এলে রেল কলোনীর যুবকরা পালাতে শুরু করে। এসময় রামগাতীর যুবকরা ধাওয়া করে ইকো নামের এক যুবককে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
এ ঘটনার জের ধরে রেল কলোনির যুবকরা বৃহস্পতিবার সকালে রামগাতী এসে হামলা চালায়। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়।
যুবকরা রামদা, চা-পাতি ও লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় এবং তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। এ সময় রেল কলোনির যুবকরা রামগাতী ওয়াপদা বাঁধের ওপর ৪/৫টি দোকান ও ২টি বাড়ি ভাংচুর করে।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর থানার ওসি মো. ওয়ারেছ আলী মিঞা বলেন, "বুধবার রাত ১১টার দিকে রেল কলোনী মহল্লার একদল যুবক রামগাতী এলাকায় গিয়ে জোরপূর্বক ডাব পাড়তে চাইলে ওই গ্রামের কতিপয় যুবক বাঁধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।"
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতদের মধ্যে রামগাতীর হাসানকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৫৩৪ ঘ.
bdnews24