নোয়াখালী, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আধিপত্য বিস্তার নিয়ে নোয়াখালীর হাতিয়া উপজেলার দুর্গম চরাঞ্চলে দু'দল জলদস্যুর মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে।
উপজেলার জাহাজমারা ইউনিয়নের কালাম চর এলাকায় বুধবার সকালে এই সংঘর্ষের খবর নিশ্চিত করলেও হাতাহতের বিষয়টি জানাতে পারেনি পুলিশ।
তবে স্থানীয়রা জানিয়েছেন, বন্দুকযুদ্ধে আটজন মারা গেছে বলে তারা শুনেছেন। এদের মধ্যে হাতিয়ার ইব্রাহিম ও পিচ্চি খোকা এবং সন্দ্বীপের মাকছুদ রয়েছেন।
জাহাজমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম বলেন, "মেঘনা নদীতে আধিপত্য বিস্তার নিয়ে হাতিয়ার মুন্সিয়া বাহিনী ও ইব্রাহিম বাহিনীর বন্দুকযুদ্ধের খবর আমরাও পেয়েছি।
"ওই ঘটনায় উভয়পক্ষের আটজন নিহত হয়েছে বলে খবর ছড়িয়ে পড়েছে পুরো হাতিয়ায়।"
রাত ১১টায় পুলিশ সুপারিনটেনডেন্ট হারুনুর রশিদ হাযারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দুকযুদ্ধের বিষয়টি শোনার পর থেকে পুলিশ, কোস্টগার্ডসহ স্থানীয় বিভিন্ন সূত্রের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
বন্দুকযুদ্ধের বিষয়টি নিশ্চিত হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
হাতিয়া থানার একদল পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তবে ঘটনাস্থল দুর্গম এলাকা হওয়ায় তাদের পৌঁছাতে বিলম্ব হচ্ছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩৪৪ ঘ.
bdnews24