ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাত্তরে হত্যার অভিযোগে করা মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর ওই মামলার বাদির বিরুদ্ধে পাল্টা মানহানির মামলা করেছেন ময়মনসিংহের সংসদ সদস্য মো. মোসলেম উদ্দিন।
সরকারদলীয় এ সংসদ সদস্য বুধবার তার বিরুদ্ধে মামলার বাদি মো. জালালউদ্দিনের বিরুদ্ধে ৫০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে ময়মনসিংহ যুগ্ম জেলা জজ আদালতে একটি মামলা করেন।
এছাড়াও ময়মনসিংহ বিচার বিভাগীয় হাকিমের আদালতেও আরেকটি মানহানির মামলা করেছেন তিনি।
মোসলেম উদ্দিনের দাবি, তাকে হেয় করতেই গত ৬ এপ্রিল ওই মামলাটি করা হয়। যা মিথ্যা বলে আদালতেই প্রমাণ হয়েছে।
মোসলেমের বিরুদ্ধে গত ৬ এপ্রিল আদালতে মামলাটি করেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জোরবাড়িয়া গ্রামের মো. জালাল উদ্দিন। আদালত তা তদন্তের জন্য ফুলবাড়িয়া থানার ওসিকে নির্দেশ দেয়।
গত ৩ মে ফুলবাড়িয়া থানার ওসি এবং মামলার তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্ট আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন পেশ করেন। ওই তদন্ত প্রতিবেদনে মোসলেম উদ্দিনসহ আরো চার জন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে বলা হয়।
এরপর গত ৯ মে মামলাটি খারিজ করে ময়মনসিংহের বিচার বিভাগীয় হাকিম আদালত।
মোসলেম উদ্দিন বুধবার এক বিবৃতিতে বলেন, "বর্তমান সরকার যখন মানবতাবিরোধী এবং যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে, ঠিক এমন সময় যুদ্ধাপরাধের এরকম একটি মিথ্যা মোকদ্দমা দায়ের করার মূল কারণ বর্তমান সরকারের মানবতাবিরোধী এবং যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়াকে ব্যাহত করা।"
মামলার বাদি জালাল ফ্রিডম পার্টির কর্মীদের ইন্ধনে ওই মামলা করেন বলে মোসলেম দাবি করেন।
বাদির প্রসঙ্গে তিনি বলেন, "তিনি আসলে কোনো রাজনৈতিক আদর্শই লালন করেন না। নানা অনৈতিক উপায়ে অর্থ আদায় করাই তার উদ্দেশ্য।"
মোসলেমের বিরুদ্ধে মামলায় মোট ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করা হয়।
১৯৭১ সালে সাতজন মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। যে সব ঘটনার বিবরণ '৭১ এ সংবাদপত্রে প্রকাশ হয় মামলায় বলা হয়।
মুক্তিযুদ্ধে নিজের সম্পৃক্ততার কথা জানিয়ে মোসলেম বলেন, তিনি আওয়ামী লীগের মনোনয়নে গণপরিষদের সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকও ছিলেন তিনি।
পেশায় আইনজীবী মোসলেম তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৯ সাল থেকে তিনি ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতিও ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১৭৪৪ ঘ.
bdnews24