ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারীদের জন্য আগামী অর্থবছরের (২০১০-১১) বাজেটের সাত শতাংশ বরাদ্দ দাবি করেছে দুটি সংগঠন।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ নারী প্রগতি সংঘ ও ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট আয়োজিত 'নারী সহায়ক জাতীয় বাজেট চাই' শীর্ষক আলোচনা সভায় তারা এ দাবি জানান।
বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র নারীরা যাতে স্বাবলম্বী হতে পারে সে জন্য তাদের ঋণ প্রাপ্তি সহজ করতে হবে।
গত অর্থবছর বিভিন্ন খাতে নারীদের জন্য তিন শতাংশ বরাদ্দ ছিলো জানিয়ে তিনি তা বাড়িয়ে সাত শতাংশ করার দাবি জানান।
রোকেয়া বলেন, "নারীদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার উপায় হিসেবে বাজেটে নারীদের জন্য বিভিন্ন খাতে বরাদ্দ এবং অন্যান্য সুযোগ আরো বাড়াতে হবে।"
আলোচনা সভায় লিখিত বক্তব্য পড়ে শোনান নারী প্রগতি সংঘের উপ-পরিচালক শাহনাজ সুমী। তিনি সভায় সভাপতিত্ব করেন।
যেসব পণ্য দেশে নারী উদ্যোক্তারা তৈরি করে সেগুলোর আমদানি বন্ধ এবং নারীদের প্রতিষ্ঠানকে শুল্কের আওতার বাইরে রাখার প্রস্তাব করেন তিনি।
সংঘের কর্মকর্তা শাহনাজ সংসদে নারীদের জন্য ১০০ আসন রেখে সরাসরি নির্বাচন এবং পৃথক ব্যাংক স্থাপনের প্রস্তাব করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের পরিচালক শিপা হাফিজা, ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক নুমান আহম্মেদ খান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এলএন/এমএসবি/২২২৬ ঘ.
bdnews24