ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) গৌতম কুমার রায় হত্যা মামলাসহ চাঞ্চল্যকর তিনটি মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্য দু'টি মামলা হচ্ছে- ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার কর্মী ফারুক হোসেন এবং ঢাকার আদাবর থানার ছাত্রলীগ নেতা রমিজ উদ্দিন হত্যা মামলা।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকে অনুষ্ঠিত মনিটরিং সেলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রী জানান, এ পর্যন্ত মনিটরিং সেলে স্থানান্তরিত ৩৮১টি চাঞ্চল্যকর মামলার মধ্যে ৩৪৫টি মামলার নিষ্পত্তি হয়েছে। বর্তমানে ৩৬টি মামলা তদন্তাধীন রয়েছে।
তিনি বলেন, সভায় আরো পাঁচটি চাঞ্চল্যকর মামলা নিষ্পত্তির অনুমোদন দেওয়া হয়েছে। এসব মামলার মধ্যে চারটিতে অভিযোগপত্র ও একটিতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে। শিগগিরই মামলার তদন্ত কর্মকর্তারা এসব মামলার অভিযোগপত্র ও চূড়ান্ত প্রতিবেদন আদালতে পেশ করবেন।
এই পাঁচটি মামলা হলো- নড়াইলের লোহাগড়া থানার মফিজুর রহমান হত্যা মামলা, রামপাল থানার আবদুস সালাম পাটোয়ারি হত্যা মামলা, চাঁদপুরের শাহরাস্তি থানার প্রধান শিক লোকমান হাকিম হত্যা মামলা, যাত্রাবাড়ি থানার মাহবুবুর রহমান লিটন হত্যা মামলা এবং সুত্রাপুরের অজ্ঞাত তরুণী হত্যা মামলা।
এসআই গৌতম হত্যা মামলায় র্যাব ও পুলিশের প থেকে ভিন্ন আসামী গ্রেফতার করে একই নামে প্রচারের ঘটনায় তদন্ত ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রসঙ্গে সাহারা বলেন, বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষেই নিশ্চিত বলা যাবে, কে দোষী। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বেসরকারি টিভি চ্যনেল এটিএন বাংলার সাংবাদিক শফিকুল ইসলাম মিঠু হত্যা মামলা মনিটরিং সেলে স্থানান্তরিত হবে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইতোমধ্যেই মিঠু ও এএসআই মিজান হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তাই এসব মামলা আর মনিটরিং সেলে নেওয়া হবে না।
স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার ও র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকারসহ উর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন চাঞ্চল্যকর মামলার তদন্ত কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২০১৭ ঘ.
bdnews24