ফরিদপুর, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক পাট ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই হয়েছে।
মঙ্গলবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের মালীগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে এক টেম্পোচালককে আটক করেছে পুলিশ।
ব্যবসায়ী ইবাদত হোসেন জানান, তিনি ও তার ভাইসহ সাত পাট ব্যবসায়ী আটরা-ভাষরা গ্রাম থেকে টেম্পোযোগে পাশের শিবচর উপজেলার উৎরাইল হাটে পাট কিনতে যাচ্ছিলেন।
ভোর ৫টার দিকে মালীগ্রাম পৌঁছালে টেম্পোটি একটি সাদা রঙের প্রাইভেট কারের সামনে থামে। প্রাইভেট কার থেকে ৭-৮ জন লোক বের হয়ে অস্ত্র দেখিয়ে ১০ লাখ টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নেয়।
এরপর প্রাইভেট কারটিতে উঠে তারা ভাঙ্গার দিকে চলে যায়।
ভাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যবসায়ীকে বহনকারী টেম্পোর চালক সুলতানকে (৪০) আটক করা হয়েছে।
এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/এইচএ/১৯২২ ঘ.
bdnews24