ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে ফ্রিগেট যুদ্ধজাহাজ কেনায় দুর্নীতির অভিযোগে করা মামলাটিও বাতিল করেছে হাইকোর্ট।
হাসিনার আবেদনে বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর বেঞ্চ মঙ্গলবার এ রায় দেয়।
প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের দুর্নীতির সাতটি মামলা এর আগে বাতিল হয়।
রায়ের পর হাসিনার কৌঁসুলি ফজলে নূর তাপস সাংবাদিকদের বলেন, "আদালত বলেছে, ফ্রিগেট যুদ্ধজাহাজ কেনার কার্যক্রম নেওয়া হয়েছিলো ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার আগে। শেখ হাসিনাকে হয়রানি করতে এ মামলা করা হয়েছিলো বলে আদালত তা বাতিল করেছেন।"
তিনি বলেন, এ নিয়ে আওয়ামী লীগ সভানেত্রীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে করা আটটি মামলা বাতিল হলো।
বেপজায় পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগে আরো একটি মামলা বাতিলে হাসিনার আবেদন বর্তমানে হাইকোর্টের বিবেচনায় রয়েছে জানিয়ে তাপস আশা করছেন, আগামী সপ্তাহে এটির সুরাহাও হতে পারে।
শুনানিতে হাসিনার পক্ষে আরো ছিলেন অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু।
দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন সৈয়দ মিজানুর রহমান।
বিএনপি-জামায়াত জোট সরকার আমলে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো ২০০২ সালের ৭ আগস্ট শেখ হাসিনাসহ পাঁচজনের বিরুদ্ধে এ মামলা করে। মামলায় তাদের বিরুদ্ধে অনিয়মের মাধ্যমে ফ্রিগেট কেনায় রাষ্ট্রের ৪৭ কোটি টাকা ক্ষতির অভিযোগ আনা হয়।
২০০৩ সালের ৩ আগস্ট মামলার অভিযোগপত্র দেওয়া হয়। ওই বছরের ১৮ আগস্ট মামলা প্রত্যাহারের আবেদন করেন শেখ হাসিনা।
শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর গত ২২ এপ্রিল পর্যন্ত তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের করা নাইকো দুর্নীতি মামলা, ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা, মিগ-২৯ মামলা দুর্নীতি মামলা, নভোথিয়েটার দুর্নীতি সংক্রান্ত তিনটি মামলা এবং মেঘনা ঘাট বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা বাতিল করেছে হাইকোর্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৬০০ ঘ.
bdnews24