ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের শহীদ আবুল কাসেম কলেজের এমপিওভুক্তি বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে কলেজটির এমপিওভুক্তি বাতিল করা হয়। সোমবার এ আদেশ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়।
সদর উপজেলায় এই কলেজটি বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর বাবার নামে প্রতিষ্ঠিত।
গত ৭ মে এক হাজার ২২টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে শিক্ষা মন্ত্রণালয় আদেশ জারি করে। এতে সরকারি দলের অনেক নেতার এলাকার প্রতিষ্ঠান এমপিওভুক্তি থেকে বঞ্চিত হওয়ায় দলে ক্ষোভের সৃষ্টি হয়।
গত ১০ মে মন্ত্রিসভার বৈঠকে সহকর্মীদের তোপের মুখে পড়েন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় লালমনিরহাটের বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর বাবার নামে প্রতিষ্ঠিত কলেজকে এমপিওভুক্ত করায় অন্যদের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ক্ষোভ প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/ডিডি/এইচএ/০০৫৬ ঘ.
bdnews24