ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় বিভাগীয় মহাসমাবেশের প্রচারণায় পুলিশ বাধা দেওয়ার পাশাপাশি গ্রেপ্তারও করছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সোমবার পল্টন ময়দানে এক সংবাদ ব্রিফিংয়ে এ অভিযোগ করেন।
১৯ মে পল্টন ময়দানে অনুষ্ঠেয় ওই মহাসমাবেশের সমন্বয়কারী নজরুল আগের দিন রোববার অভিযোগ করেন, "বিভিন্ন স্থানে প্রচারপত্র বিতরণের সময় পুলিশি হয়রানির মুখে পড়ছে কর্মীরা। কেরানিগঞ্জসহ বিভিন্ন স্থানে রাতে দলীয় নেতাকর্মীদের বাড়ি-বাড়ি পুলিশ গিয়ে ভয় দেখাচ্ছে বলে আমাদের কাছে খবর আসছে। এটা সমাবেশকে বাধাগ্রস্ত করার অপতৎপরতা।"
সোমবার সাংবাদিকদের তিনি বলেন, "মহাসমাবেশ উপলক্ষে ঢাকার বিভিন্ন স্থানে প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। লালবাগে প্রচারণা চালানোর সময় পুলিশ যুবদলের সাঈদ আহমেদ মিন্টুকে শনিবার গ্রেপ্তার করেছে।"
বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের বাসায় গিয়ে পুলিশ ভয়ভীতি প্রদর্শন করছে বলে আবারো অভিযোগ করেন নজরুল।
তিনি বলেন, "এটা কোনোভাবে সরকারের গণতান্ত্রিক আচরণ নয়।"
ঢাকা মেট্রোপলিটন পুলিশ শনিবার রাজধানীতে প্রচারণার অনুমতি দিয়েছে জানিয়ে নজরুল বলেন, "অনুমতির পরও বিভিন্ন স্থানে মাইকিং এ বাধা দেওয়া হচ্ছে। এটা দুঃখজনক।"
এ সময় তিনি পল্টন ময়দানে ঢুকতে স্টেডিয়ামের পশ্চিম পাশের গেটে থাকা দুটি বড় গর্ত মাটি দিয়ে ভরাট করে দিতে ক্রীড়া পরিষদের কাছে দাবি জানান।
নজরুল ইসলাম ঢাকার মহাসমাবেশ সফল করতে সরকার ও সরকারি দলের সহযোগিতা চেয়ে বলেন, "একদিকে সরকারি দল বলছে সমাবেশে বাধা দেওয়া হবে না। অন্যদিকে সরকারের প্রশাসন বিভিন্ন স্থানে প্রচারণায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।"
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলা মহাসমাবেশ করার আশা প্রকাশ করে তিনি বলেন, "আশা করছি, সরকার এ ব্যাপারে আমাদের গণতান্ত্রিক কার্যক্রমে সহযোগিতা করবে।"
নজরুল জানান, ১৯ মে দুপুর ২টায় মহাসমাবেশের কার্যক্রম শুরু হবে।
বিএনপি ইতিমধ্যে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও বরিশালে বিভাগীয় মহাসমাবেশ করেছে।
সংবাদ ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজুলল হক মিলন, সাবেক মহানগর সাধারণ সম্পাদক আবদুস সালাম, সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, জাসাস সভাপতি এম এ মালেক।
সংবাদ ব্রিফিং শেষে নেতাকর্মীরা পল্টন ময়দান ঘুরে দেখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এজে/১৪৫৪ ঘ.
bdnews24