২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় নির্মাণাধীন বিনোদন কেন্দ্রের কার্যক্রমে স্থিতাদেশ

বুড়িগঙ্গা নদীর বুকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্মাণাধীন বিনোদন কেন্দ্রের সব কার্যক্রমের ওপর তিন মাসের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2010, 11:12 AM

Updated : 25 Aug 2022, 10:34 AM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুড়িগঙ্গা নদীর বুকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্মাণাধীন বিনোদন কেন্দ্রের সব কার্যক্রমের ওপর তিন মাসের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের দায়ের করা জনস্বার্থে রিট আবেদনে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়। একইসঙ্গে বুড়িগঙ্গা নদীর বুকে বিনোদন কেন্দ্র তৈরি কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং নির্মাণাধীন স্থাপনা অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না সরকারকে তার কারণ জানাতে বলা হয়েছে। আগামী তিন সপ্তাহের মধ্যে সরকারের নৌ পরিবহন সচিব, বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান, পরিচালক, প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, ঢাকা জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের পরিচালকে এ ব্যাপারে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ। তিনি বলেন, "২০০৯ সালের ২৫ জুন হাইকোর্ট ঢাকার চারটি নদী বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু রক্ষায় বেশ কয়েকটি নির্দেশ দিয়েছে। কিন্তু ওই নির্দেশের পরিপন্থী একটি প্রকল্প বিআইডব্লিউটিএ কামরাঙ্গিরচর এলাকায় বাস্তবায়ন করছে বলে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে।" তিনি আরও বলেন, "হাইকোর্টের আদেশ সবার জন্য প্রযোজ্য। কিন্তু বিআইডব্লিউটিএ নদীর বুকে বিনোদন কেন্দ্র তৈরি করে বেআইনী কাজ করছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/কেএমএস/১৭০০ঘ.