২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌ ধর্মঘট প্রত্যাহার

নৌ শ্রমিকদের আট দিনের ধর্মঘটের অবসান ঘটেছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2010, 11:49 AM

Updated : 25 Aug 2022, 10:31 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌ শ্রমিকদের আট দিনের ধর্মঘটের অবসান ঘটেছে। ধর্মঘট আহ্বানকারী নৌযান শ্রমিক ফেডারেশন বলছে, কিছু দাবি পূরণের আশ্বাস পেয়েই তারা ধর্মঘট প্রত্যাহার করেছে। অন্যদিক এর প্রতিক্রিয়ায় নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ধর্মঘট প্রত্যাহারে শ্রমিকদের সিদ্ধান্তই প্রমাণ করেছে তাদের কর্মসূচি অযৌক্তিক ছিলো। গ্রহণযোগ্য মজুরি কাঠামোসহ ২২ দফা দাবিতে গত ৭ মে রাত থেকে ধর্মঘট শুরু করে নৌযান শ্রমিক ফেডারেশন। শনিবার সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নূরে আলম চৌধুরী লিটনের সঙ্গে বৈঠকের পর ফেডারেশনের নেতারা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকার গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি, তাদের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহার এবং নতুন মজুরি কাঠামো পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে জানিয়ে ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি জিন্নাত আলী বলেন, বিকাল থেকেই কাজে ফিরছে শ্রমিকরা। নৌমন্ত্রী বিকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডাব্লিওটিসি) কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, শ্রমিক নেতাদের মুক্তি, মামলা প্রত্যাহার এবং মজুরি কাঠামো পুনর্বিন্যাসের বিষয়ে রোববার শ্রমমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। গত ৬ মে নৌ শ্রমিক-মালিক-সরকার ত্রিপক্ষীয় বৈঠকে নৌযান শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হয়। তবে বৈঠকে ছিলো না শ্রমিকদের সবচেয়ে বড় সংগঠন নৌযান শ্রমিক ফেডারেশনের প্রতিনিধি। নতুন কাঠামোয় মজুরি ৫০ থেকে ১০০ শতাংশ বাড়লেও ফেডারেশন কমপক্ষে ৩০০ শতাংশ বাড়ানোর দাবি জানিয়ে ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের এক পর্যায়ে ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। মামলাও হয় শতাধিক নৌ শ্রমিকের বিরুদ্ধে। এরপর ফেডারেশনের দাবির সঙ্গে নেতাদের মুক্তি এবং মামলা প্রত্যাহারও যুক্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এমআই/১৮৪০ ঘ.