ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দুপুর ১টায় মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর আগে সকাল ১১টার দিকে তিনি গণভবনে গিয়ে ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন।
এবারই প্রথম সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানা যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, এবার সব মিলিয়ে উত্তীর্ণের হার ৭৯ দশমিক ৯৮ শতাংশ। ১০টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৬ হাজার ১৯ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। উত্তীর্ণ হয়েছে ৯ লাখ ৬০ হাজার ৪৯২ জন।
শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, এবার সে ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ৯২৭টি। গতবার এ সংখ্যা ছিলো ২ হাজার ৭২৬টি।
৭২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।
প্রধানমন্ত্রী দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তোলার মধ্য দিয়ে ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। শিক্ষা প্রতিষ্ঠান দুটি হলো ময়মনসিংহ জিলা স্কুল ও গোপালগঞ্জের কোটালীপাড়ার হাজরাবাড়ি উচ্চ বিদ্যালয়।
পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে অকৃতকার্য শিক্ষার্থীদের নতুন করে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
অকৃতকার্য শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তোলার জন্য তাদের অভিভাবকদের প্রতি আহ্বান জানান হাসিনা।
গত ১১ ফেব্র"য়ারি সারাদেশে একযোগে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা।
গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণের হার ছিলো ৭০ দশমিক ৮৯ শতাংশ। শুধু এসএসসিতে এ হার ছিলো ৬৭ দশমিক ৪১ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিলো ৬২ হাজার ৩০৭ জন।
১০টি শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৪৪টি কেন্দ্রে পরীক্ষা দেয় ২৬ হাজার ১৯২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এর মধ্যে ৬ লাখ ২৭ হাজার ৬৭২ জন ছাত্র এবং ৫ লাখ ৭৮ হাজার ৩৪৭ জন ছাত্রী।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসিতে এবার অংশ নেয় ৯ লাখ ১৬ হাজার ১৮০ জন। মাদ্রাসা বোর্ডের অধীন দাখিলে মোট পরীক্ষার্থী ২ লাখ ১১ হাজার ৮৬০ জন। কারিগরি বোর্ডের পরীক্ষার্থীর সংখ্যা ৭৭ হাজার ৯৭৯।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরবি/এমআই/১২৩২ ঘ.
bdnews24