ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় ব্রিটিশ হাই কমিশন বলেছে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী হরকাত-উল-জিহাদ আল-ইসলামির (হুজি) কথিত নেতা গোলাম মোস্তফার উপর 'অমানুষিক নির্যাতনের' সঙ্গে ব্রিটিশ সরকার জড়িত নয়।
ব্রিটিশ হাই কমিশনের এক মুখপাত্র বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা বলেন।
এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছে, ব্রিটিশ নাগরিক মোস্তফার ওপর আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের নির্যাতন চালানোর কোন তথ্য তারা পায়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সাইদা মুনা তাসনিম জানান, ব্রিটিশ দূতাবাস নির্যাতনের কোন অভিযোগ করলে তা খতিয়ে দেখা হবে।
হুজিকে সংগঠিত করার উদ্যোগ নেওয়ার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক মোস্তফাকে গত ১৬ এপ্রিল সিলেটে গ্রেপ্তার করা হয়।
বুধবার ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে নিরাপত্তা বাহিনী আটকাবস্থায় মোস্তফার উপর 'অমানুষিক নির্যাতন' চালানো হয়েছে এবং ব্রিটেনের কাউন্টার ইনটেলিজেন্স এজেন্সি এম-ফিফটিন এর কর্মকর্তারা সম্ভবত এতে জড়িত।
মুস্তফার পরিবারের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, "মোস্তফাকে গ্রেপ্তারের পর যখন টিভি ক্যামেরার সামনে নিয়ে আসা হয় তখন তার মুখমণ্ডল ফোলা ছিল।"
প্রতিবেদনে বলা হয়, "গ্রেপ্তারের ১১ দিন পর (২৭ এপ্রিল) মোস্তফাকে আদালতে হাজির করা হলে গার্ডিয়ানের এক সাংবাদিক দেখতে পান তার দাঁড়িয়ে থাকতে অসুবিধা হচ্ছিল। এক পর্যায়ে তার হাঁটু মুড়ে যাচ্ছিল।"
তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে দুটি মামলা রয়েছে। সে মামলায় তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
প্রতিবেদনে বলা হয় ব্রিটিশ দূতাবাসের এক কর্মকর্তাকে মোস্তফা জানায়, "জিজ্ঞাসাবাদের সময় টাস্কফোর্স ইন্টারোগেশন সেলে তাকে দীর্ঘণ কষ্টকর অবস্থায় থাকতে বাধ্য করা হয়। যেখানে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন চালানোর আরো অভিযোগ রয়েছে।"
তবে নির্যাতনের যে অভিযোগ করা হয়েছে তার সঙ্গে ব্রিটিশ সরকারের জড়িত থাকার বিষয়ে কোন তথ্য-প্রমাণ দেয়নি পত্রিকাটি।
ব্রিটিশ দূতাবাসের এক মুখপাত্র বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোস্তফা গ্রেপ্তার হওয়ার একদিন পর ১৬ এপ্রিল তারা বিষয়টি একটি পত্রিকার খবরের মাধ্যমে প্রথম জানতে পারেন।
তিনি জানান, পরবর্তী কর্মদিবসে ১৮ এপ্রিল রোববার মোস্তফার সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন করা হয়। পরে টেলিফোনে এ ব্যাপারে খবরাখবর নেওয়া হয়।
বাংলাদেশ সরকারের প থেকে দেখা করার অনুমতি পেতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, অবশ্য মোস্তফা গ্রেপ্তার হওয়ার দুই সপ্তাহ পর গত ২৯ এপ্রিল ব্রিটিশ দূতাবাসের কাছে পাঠানো এক চিঠিতে মোস্তফার আইনজীবী অভিযোগ করেন তার উপর নির্যাতন চালানো হচ্ছে।
তিনি জানান, এরপর মোস্তফার সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে দুতাবাসের প থেকে একটি 'জরুরি আবেদন' জানানো হয়। এর দুই দিন পর ১ মে মোস্তফার সঙ্গে দেখা করার অনুমতি মেলে। দূতাবাসের কর্মকর্তারা পরদিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়ে মোস্তফার সঙ্গে দেখা করেন।
তবে মোস্তফার সঙ্গে কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানাতে অসম্মতি প্রকাশ করে তিনি বলেন, "বিষয়টি গোপনীয়"।
মোস্তফা কিংবা তার গ্রেপ্তারের সঙ্গে জড়িত নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে দূতাবাসের কোনো কর্মকর্তার যোগাযোগ নেই বলে জানান ওই মুখপাত্র।
তিনি বলেন, ''নির্যাতনের অভিযোগ বা এ ধরনের বিষয় আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। নির্যাতন বিষয়ে ব্রিটিশ সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমরা এর নিন্দা জানাই। আমরা কাউকে নির্যাতন করিনা এবং কাউকে নির্যাতন করতেও বলিনা।''
তিনি আরো জানান, বাংলাদেশ কর্তৃপ মোস্তফার সঙ্গে দেখা করার অনুমতির জন্য আরেকটি আবেদন করার পরামর্শ দিয়েছে।
"দূতাবাসের দায়িত্ব অনুযায়ী আমরা মুস্তফাকে প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন দিয়ে যাবো", বলেন ব্রিটিশ দূতাবাসের মুখপাত্র।
মোস্তফাকে এর আগে ২০০৭ সালের ২ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে একটি পিস্তল ও পাঁচটি জিহাদী বইসহ গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় তাকে ১৭ বছরের কারাদন্ড হয়। পরে তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়ে বেরিয়ে আসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিবি/এএএম/বিডি/জেবি/কেএমএস/১৮০৪ঘ.
bdnews24