ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল শনিবার প্রকাশ হচ্ছে।
গত ১১ ফেব্র"য়ারি সারাদেশে একযোগে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। ১০টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৬ হাজার ১৯ জন শিক্ষার্থী এতে অংশ নেয়।
এবারই প্রথম সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
১০টি শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৪৪টি কেন্দ্রে পরীক্ষা দেয় ২৬ হাজার ১৯২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এর মধ্যে ৬ লাখ ২৭ হাজার ৬৭২ জন ছাত্র এবং ৫ লাখ ৭৮ হাজার ৩৪৭ জন ছাত্রী।
সাতটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসিতে এবার অংশ নেয় ৯ লাখ ১৬ হাজার ১৮০ জন। মাদ্রাসা বোর্ডের অধীন দাখিলে মোট পরীক্ষার্থী ২ লাখ ১১ হাজার ৮৬০ জন। কারিগরি বোর্ডের পরীক্ষার্থীর সংখ্যা ৭৭ হাজার ৯৭৯।
২০০৯ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণের হার ছিল ৬৭ দশমিক ৪১ শতাংশ।
এর মধ্যে সবচেয়ে বেশি পাসের হার ছিলো সিলেট বোর্ডে (৭৮.৭১%), সবচেয়ে কম রাজশাহী বোর্ডে (৫৮.৪১%)। ঢাকায় পাসের হার ছিলো ৬৯ দশমিক ১১ শতাংশ।
গত বছর ১০টি শিক্ষা বোর্ডের অধীনে সব মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয় ৭০ দশমিক ৮৯ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিলো ৬২ হাজার ৩০৭ জন।
এছাড়া দাখিল পরীক্ষায় পাসের হার ছিলো ৮৫ দশমিক ৮৫ শতাংশ। এসএসসি ভোকেশনালে উত্তীর্ণ হয় ৭০ দশমিক ৯০ শতাংশ শিক্ষার্থী।
ঢাকা বোর্ডে এসএসসিতে পাশের হারের দিক থেকে সেরা হয় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। জিপিএ-৫ এর দিক থেকে সবার সেরা হয় ভিকারুননিসা নুন স্কুল।
গত বছর এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলো ১০ লাখ ৬৩ হাজার ৪৮৪ জন। এর মধ্যে এসএসসিতে ৮ লাখ ১ হাজার ৭০৯, দাখিলে ১ লাখ ৮৬ হাজার ৭১৮ জন এবং এসএসসি ভোকেশনালে ৭৫ হাজার ৫৭ জন পরীক্ষার্থী ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১৭০০ ঘ.
bdnews24