২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের দাম বাড়ছে

আগামী দু'একমাসের মধ্যে আবারো বিদ্যুতের দাম বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানী বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2010, 10:28 AM

Updated : 24 Aug 2022, 09:27 PM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী দু'একমাসের মধ্যে আবারো বিদ্যুতের দাম বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানী বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী। এর আগে গত ১ মার্চ সরকার বিভিন্ন গ্রাহক পর্যায়ে ৪ থেকে ৭ দশমিক ৬ শতাংশ পর্যন্ত বিদ্যুতের দাম বৃদ্ধি করে। তার আগে গত নভেম্বর মাসে পল্লী বিদ্যুতের দাম বাড়ানো হয়। তৌফিক ই ইলাহী বলেন, দাম বাড়ানোর ব্যাপারে বিদ্যুৎ বিভাগ থেকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে প্রস্তাব পাঠানো হবে। বিইআরসি শুনানি শেষে নতুন মূল্য নির্ধারণ করবে। তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে বৃহস্পতিবার আয়োজিত দেশের বিদ্যুৎ খাতের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, "সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাব আগামী দু'একমাসের মধ্যেই বিইআরসির কাছে পাঠানো হবে। বিইআরসি সরকার ও ভোক্তাদের মধ্যে শুনানি শেষে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।" তবে মূল্য কত বাড়ানো হবে তা একমাত্র বিইআরসিই নিশ্চিত করতে পারবে বলে তিনি জানান। তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ ২০১৫ সালের মধ্যে সর্বমোট নয় হাজার ৪২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কর্মপরিকল্পনা তুলে ধরেন। এতে চলতি বছর এবং পরবর্তী বছরে কুইক রেন্টাল (দ্রুত স্থাপনযোগ্য ভাড়ায় চালিত) বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে এক হাজার থেকে এক হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য তুলে ধরা হয়। এছাড়াও কর্মপরিকল্পনা অনুযায়ী চলতি বছরে ৭৯২ মেগাওয়াট, ২০১১ সালে ৯২০ মেগাওয়াট, ২০১২ সালে দুই হাজার ২৬৯ মেগাওয়াট, ২০১৩ সালে এক হাজার ৬৭৫ মেগাওয়াট, ১৪ সালে এক হাজার ১৭০ মেগাওয়াট এবং ২০১৫ সালে দুই হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। বিদ্যুৎ সচিব বলেন, "দেশে বর্তমানে প্রায় সব বিদ্যুৎ কেন্দ্র গ্যাসভিত্তিক। কিন্তু জ্বালানী সংকটের জন্য সরকারকে পর্যায়ক্রমে বিকল্প জ্বালানীর সম্ভাব্যতা দেখতে হচ্ছে। তাই বর্তমানে কয়লা, ডিজেল ও ফার্ণেস অয়েল ভিত্তিক কেন্দ্র স্থাপণের কথা ভাবা হচ্ছে। এজন্য প্রয়োজনীয় জ্বালানীর মজুদ সৃষ্টিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর কাজ করছে।" সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুল হক, জ্বালানী ও খণিজ সম্পদ সচিব মেজবাহ উদ্দিন আহমেদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান এএসএম আলমগীর কবির ও বিপিসি চেয়ারম্যানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/কেএমএস/১৫৫৯ ঘ.