২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে শ্রমিকদের বিক্ষোভ

রাজধানীর পল্লবীতে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2010, 08:28 AM

Updated : 24 Aug 2022, 09:27 PM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীতে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়াও হয়। এ কারণে প্রায় ১ ঘণ্টা সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিলো মিরপুর-১১ থেকে ১২ নম্বর পর্যন্ত। স্থানীয়রা জানায়, অ্যারিজুয়েনা গার্মেন্টসের পাঁচ শতাধিক শ্রমিক সকালে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর ১২ নম্বর সেকশনে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। পল্লবী থানার ওসি ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকরা গাড়ি ভাংচুর করতে চাইলে পুলিশ বাধা দেয়। ওই সময় কিছু সময় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লা ঘটনাস্থলে যান। পুলিশ কর্মকর্তা ইকবাল বলেন, সংসদ সদস্যের মধ্যস্থতায় শ্রমিক এবং কারখানার মালিকদের মধ্যে সমঝোতা হলে বেলা ১২টার দিকে শ্রমিকরা রাস্তা ছাড়ে। ১২টার পর থেকে ওই এলাকায় পরিস্থিতি শান্ত বলে ওসি জানান। এদিকে বাসের দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত কলেজের সামনে সড়ক অবরোধ করে। এতে গুলশান-১ নম্বর থেকে মহাখালী পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা মহানগর পুলিশের গুলশান অঞ্চলের সহকারী কমিশনার নূরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে ১২টার দিকে ছাত্ররা সড়ক ছাড়ে। শিক্ষার্থীদের বিক্ষোভ শান্তিপূর্ণ ছিলো বলে জানান তিনি। তবে দিনের ব্যস্ত সময়ে গুলশানমুখী একটি সড়কে গাড়ি চলাচল এক ঘণ্টা বন্ধ থাকায় পাশের অন্য সড়কগুলোতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৪১৪ ঘ.