ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় কারাগারে যাওয়ার চার দিনের মাথায় মুক্তি পেয়েছেন প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলালউদ্দিন ও তার স্ত্রী রূপা চৌধুরী।
রাজধানীর একটি হাসপাতালে কারা হেফাজতে থাকা হেলাল দম্পতি বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে হাসপাতাল ছেড়ে যান।
দুটি মামলায় বৃহস্পতিবার হাইকোর্ট তাদের জামিন দেয়।
একটি মামলায় হেলাল ও রূপা এবং অপর মামলায় শুধু হেলাল সাজাপ্রাপ্ত। গত ৯ মে বিচারিক আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়।
বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর বেঞ্চ মামলা দুটির আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হেলাল দম্পতিকে জামিন দিয়েছেন।
কারাগারে যাওয়ার পরদিন হেলাল দম্পতি মামলাগুলোয় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করেন হেলাল দম্পতি। একইসঙ্গে জামিনের আবেদনও করেন তারা।
আদালতে হেলালের পক্ষে কৌঁসুলি ছিলেন আব্দুল বাসেত মজুমদার ও সাঈদ আহমেদ রাজা। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সেলিম।
হাইকোর্টের আদেশের পর সাঈদ সাংবাদিকদের বলেন, এ মামলা দুটিতে জামিন হওয়ায় তাদের মুক্তিতে আর বাধা নেই।
হেলাল দম্পতি কারা হেফাজতে রাজধানীর একটি হাসপাতালে আছেন।
২০০৮ সালের ২৪ ফেব্র"য়ারি তত্ত্বাবধায়ক সরকারের সময় জাতীয় সংসদ ভবনে স্থাপিত বিশেষ আদালত অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অপরাধে সংসদ সদস্য হেলালকে ১৩ বছর কারাদণ্ড দেয়। স্বামীর দুর্নীতিতে সহযোগিতা করায় রূপাকে তিন বছর কারাদণ্ড দেওয়া হয়।
একই বছরের ১২ ফেব্র"য়ারি অন্য একটি চাঁদাবাজি মামলার রায়ে হেলালকে সাত বছর কারাদণ্ড দেয় আদালত।
ওই সময় হেলাল ও রূপা পলাতক ছিলেন বলে তাদের গ্রেপ্তার অথবা আত্মসমর্পণের দিন থেকে এ সাজা কার্যকর হবে বলে রায়ে বলা হয়।
'পলাতক' অবস্থায় নির্বাচন করে তিনি ২০০৮ সালের জাতীয় নির্বাচনে বাগেরহাট থেকে আওয়ামী লীগের হয়ে জয়ী হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/পিডি/২১২৭ ঘ.
bdnews24