গাজীপুর, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার বিমানবন্দর এবং গাজীপুরের টঙ্গী ও কালিয়াকৈর থেকে মাদকদ্রব্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব, পুলিশ ও মাকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তারা।
এরা হলেন- চাঁদপুরের মো. আবু তাহের (২২), কুমিল্লার সেলিম মিয়া (২৮), গাজীপুরের বিশ্বনাথ বর্মন (৪০) ও আশরাফুল (৫৫)।
বুধবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকালে ৫০ বোতল ফেন্সিডিলসহ শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তারা তাহেরকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যমতে টঙ্গীর টিএন্ডটি বাজার থেকে তিন হাজার ৯৫০ বোতল ফেন্সিডিলসহ সেলিমকে গ্রেপ্তার করা হয়।
রাতেই উত্তরা থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান উপ-পরিদর্শক হারুন-উর-রশিদ।
কালিয়াকৈর থানার ওসি আমির হোসেন জানান, উপজেলার ঠাকুরপাড়া এলাকা থেকে বুধবার ভোরে ৬০ লিটার চোলাই মদ ও মদ তৈরির ১৪ ড্রাম উপকরণসহ বিশ্বনাথকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
শ্রীপুর থানার ওসি নাজমুল হাসান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে পূর্ব কেওয়া এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২২০ ক্যান বিয়ার ও কারসহ আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২২০৯ ঘ.
bdnews24