২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমি বিরোধ নিয়ে দরখাস্ত জমার সময় বাড়ল

ভূমি বিরোধ সংক্রান্ত দরখাস্ত জমা দেওয়ার সময় আরো ৯০ দিন বাড়িয়েছে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2010, 02:36 PM

Updated : 24 Aug 2022, 09:24 PM

খাগড়াছড়ি, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমি বিরোধ সংক্রান্ত দরখাস্ত জমা দেওয়ার সময় আরো ৯০ দিন বাড়িয়েছে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন। পাহাড়ের দূর দূরান্তের বাসিন্দাদের কথা বিবেচনা করে সময় বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের (ভূমি কমিশন) চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি টাউন হলে কমিশন ও প্রশাসনের এক যৌথ সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভূমি বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গত ১৪ মার্চ আবেদন দাখিলের জন্য গণবিজ্ঞপ্তি জারি করে কমিশন। বিজ্ঞপ্তিতে ১৫ মে ছিল দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ। এই সময়সীমা আরো ৯০ দিন বাড়ানো হয়। ভূমি কমিশন চেয়ারম্যান বলেন, এ পর্যন্ত ভূমিবিরোধ সংক্রান্ত এক হাজার দুইশ'রও বেশি দরখাস্ত জমা পড়েছে। এর মধ্যে আদিবাসীদের অংশগ্রহণ খুবই কম বলে জানান তিনি। খাদেমুল ইসলাম চৌধুরী বলেন, পাহাড়ে ভূমি জরিপ সম্পন্ন হলে ৮০ শতাংশ ভূমি সমস্যার সমাধান হয়ে যাবে। তাই জরিপের কাজ অবিলম্বে শুরু করার জন্য সরকারকে তাগাদা দিতে সাধারণ মানুষের প্রতি আহবান জানান তিনি। ভূমি কমিশন প্রধান বলেন, দীর্ঘদিন জরিপ না হওয়ায় জমির মালিকানা, দাগ, সীমানা, মাপজোখসহ পার্বত্যাঞ্চলের মোট জমির পরিমাণ সঠিকভাবে জানা নেই। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গিয়াস উদ্দিন মোঘলের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সচিব মো. আব্দুল হামিদ, দীঘিনালা ইউএনও মো. মনিরুজ্জামান মিঞা, মাটিরাঙ্গা ইউএনও মো. মোস্তাফিজুর রহমান, মহালছড়ি ইউএনও মো. শফিউল আরিফ, সদর ইউএনও মো. রাহেদ হোসেন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সম্পাদক আজিমউল হক ও হেডম্যান সাপুরাম রোয়াজা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মো. আমির জাফর, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. আানোয়ার হোসেন প্রমুখ। এর আগে সকাল ১০টায় কমিশন ও প্রশাসনের উদ্যোগে টাউন হল প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। যোগাযোগ করা হলে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেন, পার্বত্য চুক্তির সঙ্গে ভূমি কমিশন আইনের অসংগতি দূর করা না হলে বৈঠকে বসা সম্ভব নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০৭ ঘ.