ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমদানি করা পরিত্যক্ত জাহাজের পরিবেশগত ছাড়পত্র বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর দেবে বলে আদেশ দিয়েছে হাইকোর্ট। জাহাজটি বর্জ্যমুক্ত কি না তা নিশ্চিত করবে রপ্তানিকারক দেশ।
সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক দুই ধরনের ছাড়পত্র পরীক্ষা করে আমদানি করা জাহাজ বাংলাদেশে প্রবেশের অনুমতি দেবেন বলেও হাইকোর্টের আদেশে বলা হয়েছ।
বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি মো. ইমান আলী ও ওবায়দুল হাসানের বেঞ্চ এ আদেশ দেয়।
পরিত্যক্ত জাহাজ আমদানিতে আমদানি নীতি আদেশ (২০০৯-১২) গত ৮ এপ্রিল সংশোধন করে বাণিজ্য মন্ত্রণালয়।
ওই সংশোধন অনুযায়ী রপ্তানিকারক দেশের সরকার বা সরকার অনুমোদিত কোনো সংস্থার বদলে রপ্তানিকারকই জাহাজের বর্জ্যমুক্ত কি না তার ছাড়পত্র দিতে পারে।
সেই সনদ পরিবেশ ও বন মন্ত্রণালয় যাচাই করে দেখবে বলে ওই সংশোধনীতে বলা হয়।
এর আগে ওই রপ্তানিকারক দেশের সরকার বা সরকার অনুমোদিত কোনো সংস্থার কাছ থেকে ওই সনদ নিতে হতো রপ্তানিকারকের।
মঙ্গলবার আদালতের আদেশে বলা হয়েছে, ভাঙার জন্য পরিত্যক্ত জাহাজ বাংলাদেশে প্রবেশের আগে জাহাজটি বর্জমুক্ত কি না এ বিষয়ে সনদ ও পরিবেশগত ছাড়পত্র নিশ্চিত করবেন সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক।
এছাড়া জাহাজ ভাঙা নিয়ে গত বছরের ১৭ মার্চ দেওয়া হাইকোর্টের রায়ের ভুল ব্যাখ্যা দেওয়ায় সমুদ্র পরিবহন অধিদপ্তরের সহকারী রসায়নবিদ ফৌজিয়ার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে দুই মাসের মধ্যে তা আদালতে জানানোর নির্দেশও দিয়েছে বেঞ্চ।
ওই রসায়নবিদ একটি নথির নোটে লিখেছিলেন, শুধু গ্রিনপিসের তালিকাভুক্ত বিষাক্ত জাহাজ বাংলাদেশে ভাঙার জন্য প্রবেশের ক্ষেত্রে সনদ প্রয়োজন।
আদালত বলেছে, সহকারী রসায়নবিদের এই ভুল ব্যাখ্যার কারণে রায়ের পর থেকে আমদানি করা ১শ ৭২টি জাহাজ ভাঙার ক্ষেত্রে যেসব দুর্ঘটনা ঘটেছে তাতে ২৪ জন মানুষ মারা গেছে।
আদালত আদেশের অভিমতে বলেছে, শুধু গ্রিনপিসের তালিকাভুক্ত বিষাক্ত জাহাজের ক্ষেত্রেই নয়, সব জাহাজ ভাঙার জন্য বাংলাদেশে প্রবেশের আগে পরিবেশগত ছাড়পত্র ও বর্জ্যমুক্ত সনদ লাগবে।
গত বছরের ১৭ মার্চ হাইকোর্টের ওই রায়ের সময় জাহাজ ভাঙার ৩৬টি শিপইয়ার্ড থাকলেও বর্তমানে সেই সংখ্যা ৮৮ হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে আদালত।
এর আগে ২০০৯ সালের ১৭ মার্চ বেলার রিট আবেদনের প্রেক্ষিতে দেওয়া এক রায়ে হাইকোর্ট বলেছিলো, বাংলাদেশে প্রবেশের আগে বা যে দেশ থেকে এসেছে সেখানে পরিষ্কার করা ছাড়া কোনো জাহাজ ভাঙার জন্য এদেশে আনা যাবে না।
গত বছরের ১৭ মার্চ থেকে ৮ মার্চ ভাঙার জন্য আমদানি করা একশ ৭২টি জাহাজের অনাপত্তি সনদসহ যাবতীয় কাগজপত্র ১৮ মার্চের মধ্যে আদালতে জমা দিতে গত ৮ মার্চ সমুদ্র পরিবহন অধিদপ্তরকে নির্দেশ দিয়েছিলো হাইকোর্ট।
এরপর গত ১৮ মার্চ হাইকোর্ট পরিবেশগত ছাড়পত্র ছাড়া পরিচালিত সব শিপইয়ার্ড বন্ধের নির্দেশ দেয়।
বেলার পক্ষে মঙ্গলবার আদালতে শুনানি করেন অ্যাডভোকেট ইকবাল কবির লিটন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/পিডি/২১৪১ ঘ.
bdnews24