ব্রাহ্মণবাড়িয়া, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ব্রাহ্মণবাড়িয়া আসছেন। তার সফরকে কেন্দ্র শহরকে সাজানো হচ্ছে বর্ণিল সাজে।
প্রধানমন্ত্রী যে সব রাস্তা দিয়ে যাবেন সেগুলোয় শেষ মুহুর্তের সংস্কার কাজ চলছে দ্রুতগতিতে। শহরের বিভিন্ন স্থানে তৈরি হচ্ছে তোরণ। টানানো হচ্ছে প্রধানমন্ত্রীর ছবি। সরকারি অফিস, স্কুল, কলেজ ও রাস্তা সর্বত্র চলছে ধোয়া মোছার কাজ। প্রধানমন্ত্রীর জনসভা স্থল ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে তৈরি হচ্ছে মঞ্চ।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আবদুল মান্নান জানান, সকাল ১১টায় আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে বেসরকারি উদ্যেগে স্থাপিত ৬০ মেগাওয়াট বিদু্যূৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। দুপুর একটায় তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরে আড়াইশ শয্যার আধুনিক হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
পরে প্রধানমন্ত্রী সার্কিট হাউজে জেলা পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জেলার সার্বিক উন্নয়ন সম্পর্কে মতবিনিময় করবেন। বিকাল সাড়ে ৩ টায় তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুল হাই সাচ্চু জানান, দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৭৪৯ ঘ.
bdnews24