২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোড়া খুনের দায়ে একজনের ফাঁসি

কুমিল্লার কাশিনাথপুরে সংঘটিত জোড়া খুনের মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2010, 09:11 AM

Updated : 24 Aug 2022, 09:23 PM

চট্টগ্রাম, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কুমিল্লার কাশিনাথপুরে সংঘটিত জোড়া খুনের মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক শফিকুল করিম এ দণ্ডাদেশ দেন। দণ্ডিত আসামির নাম আব্দুর রহিম। ঘটনার পর তাকে গ্রেপ্তার করা হলেও জামিনে ছাড়া পাওয়ার পর থেকে তিনি পলাতক। ২০০৮ সালের ২০ এপ্রিল কাশিনাথপুরে র‌্যামন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত মুহাম্মদ ইয়াসীনের মেয়ে সুফিয়া আহমেদ (৪২) ও তার নাতনী রুবাইদা আহমেদ রুবাকে (১৯) কুপিয়ে হত্যা করা হয়। সুফিয়ার স্বামী মুশতাক আহমেদ বাদি হয়ে পরদিন কুমিল্লা কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার এজহারে বলা হয়, নিহত রুবা তার খালাতো ভাই রাজীবকে পরিবারের অসম্মতিতে বিয়ে করায় ক্ষুব্ধ হয় রাজীবের বড় বোন উর্মির স্বামী আব্দুর রহিম। এ দ্বন্দ্বের জেরে ২০০৮ সালের ২০ এপ্রিল সুফিয়ার বাসায় গিয়ে রহিম সুফিয়াকে কুপিয়ে এবং রুবাইদাকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। গ্রেপ্তার হওয়ার পর রহিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করে। এরপর তাকে আসামি করে ২০০৯ সালের ২৫ মার্চ আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। একই বছরের ২২ অক্টোবর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। ২১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার রায় দেয় আদালত। আদালতের পাবলিক প্রসিকিউটর মো. আইয়ুব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসামি হত্যার দায় স্বীকার করায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে ৩০২ ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদি মুশতাক আহম্মেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমআই/১৫০০ ঘ.