চট্টগ্রাম, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পুলিশ হেফাজতে নির্যাতনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মৃত মোহাম্মদ মানিক (৩২) রেয়াজুদ্দিন বাজারের আবুজান মার্কেট ও আনজুমান আবাসিক হোটেলে নিরাপত্তাকর্মী ছিলেন। মোবাইল চুরির একটি মামলায় সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মানিক মঙ্গলবার ভোরে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সকাল থেকে মানিক কয়েকবার বমি করেন বলে জানান তিনি।
রেয়াজুদ্দিন বাজারের দোকান কর্মচারীদের অভিযোগ, নির্যাতনের কারণেই মানিকের মৃত্যু হয়েছে। তারা এর বিচার দাবি করেছেন।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের হেফাজতে থাকা অবস্থায়ই মানিকের মৃত্যু হয়েছে, এটা সত্যি।
"তবে তাকে কীভাবে, কোন পরিস্থিতিতে থানায় আনা হয়েছিলো এবং এ ঘটনার (নির্যাতন) সঙ্গে পুলিশ যুক্ত কি না, তা তদন্তের পরই বলা যাবে।"
গত ৭ মে রাতে আনজুমান হোটেলের নিচে আবুজান মার্কেটের আরমানের দোকান থেকে ২৮টি মোবাইল ফোন সেট এবং নগদ ৩০ হাজার টাকাসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল চুরি হয়।
পরদিন দোকান মালিক আরমান সিকিউরিটি গার্ড মানিককে একমাত্র আসামি করে থানায় একটি মামলা করেন।
এসআই শাহীন বলেন, সোমবার রাত ১১টার দিকে দোকান মালিক আরমান ও তার সহযোগীরা মানিককে ধরে পুলিশে দেয়। মঙ্গলবার ভোরবেলা সে অসুস্থ হয়ে পড়ে এবং কয়েকবার বমি করে।
সকাল সাড়ে ৭টার দিকে চমেক হাসপাতালে নেওয়ার পথে মানিকের মৃত্যু হয়।
শাহীন বলেন, "রাতে মানিককে থানায় নিয়ে আসার সময় সে অসুস্থ ছিলো। সম্ভবত দোকান মালিক ও কর্মচারীরা থানায় আনার আগে তাকে মারধর করেছে।"
রিয়াজুদ্দিন বাজার কর্মচারী কল্যাণ সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো.আলী জিন্নাহ সাংবাদিকদের বলেন, দোকান মালিক আরমান ও তার সহযোগীদের সঙ্গে পুলিশের যোগসাজশ রয়েছে। তাদের নির্যাতনেই মানিকের মৃত্যু হয়েছে।
মানিকের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের পর পুলিশ মৃত্যুর তদন্ত শুরু করবে বলে পুলিশ কর্মকর্তা বনজ জানান।
এ ঘটনায় কোতয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৩৫০ ঘ.
bdnews24