২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভে দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুতে চলাচল ব্যাহত

অটো রিকশা, রিকশা ও ভ্যান চালকদের বিক্ষোভের কারণে দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু দিয়ে যাতায়াত মঙ্গলবার দেড় ঘণ্টা বন্ধ ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2010, 06:44 AM

Updated : 24 Aug 2022, 09:23 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অটো রিকশা, রিকশা ও ভ্যান চালকদের বিক্ষোভের কারণে দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু দিয়ে যাতায়াত মঙ্গলবার দেড় ঘণ্টা বন্ধ ছিলো। ওই সময় মাওয়াগামী যানবাহনকে বিকল্প পথে প্রথম বুড়িগঙ্গা সেতু দিয়ে যাতায়াত করতে হয়। সেতুর টোল কমানোর দাবিতে অটো রিকশার এবং টোল প্রত্যাহারের দাবিতে রিকশা ও ভ্যান শ্রমিকরা সকালে সেতুর দক্ষিণ প্রান্তে বিক্ষোভ করে। প্রায় ৫০০ চালক সড়কে অবস্থান নিয়ে সকাল সাড়ে ৯টার দিকে সেতুর ওপর দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি নীলোৎপল দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চালকরা সড়কে অবস্থান নিলে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ১১টার দিকে তারা কর্মসূচি শেষ করলে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়। তবে চালকদের অবস্থান শান্তিপূর্ণ ছিলো এবং ভাংচুরের কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি। কেরানীগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর নূরুল ইসলাম মল্লিক বলেন, বিক্ষোভের সময় দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু দিয়ে চলাচলকারী গাড়িগুলো পোস্তগোলা হয়ে প্রথম বুড়িগঙ্গা সেতু দিয়ে চলাচল করেছে। ফলে খুব একটা সমস্যা হয়নি। বর্তমানে সেতু পারাপারে রিকশা ও ভ্যানগুলোকে ২ টাকা এবং অটো রিকশাকে ১০ টাকা হারে টোল দিতে হয়। বাবুবাজারে দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর টোল আদায়ের ইজারাদারের প্রতিনিধি আমিরুল ইসলাম বিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টোল আদায়ের হার সরকার নির্ধারণ করে দেয়। ফলে এ ক্ষেত্রে হার কমানোর ক্ষমতা তাদের নেই। তবে তিনি জানান, চালকদের কথা বিবেচনা করে সরকার নির্ধারিত হারের চেয়ে তারা টোল কম নিচ্ছেন। "রিকশা ও ভ্যানের নির্ধারিত টোল ৬ টাকা হলেও আমরা ২ টাকা নিচ্ছি। অটো রিকশায় ১৫ টাকার স্থলে নিচ্ছি ১০ টাকা", বলেন আমিরুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২০ ঘ.