২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চ চলাচল বেড়েছে

নৌযান শ্রমিকদের একাংশের ধর্মঘটের চতুর্থ দিনে লঞ্চ চলাচল আগের চেয়ে বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2010, 05:37 AM

Updated : 24 Aug 2022, 09:23 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌযান শ্রমিকদের একাংশের ধর্মঘটের চতুর্থ দিনে লঞ্চ চলাচল আগের চেয়ে বেড়েছে। মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত নির্ধারিত ১০টি লঞ্চের মধ্যে আটটি ঢাকার সদরঘাট থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। সোমবার এ সংখ্যা ছিলো ছয়। নৌযান শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলমকে গ্রেপ্তারের পর ধর্মঘট আহ্বানকারী ওই সংগঠনটির কোনো তৎপরতা সকালে সদরঘাটে চোখে পড়েনি। সকালে সদরঘাট ছেড়ে যাওয়া লঞ্চগুলো হচ্ছে- চাঁদপুরগামী সোনারতরী-১, মেঘনারানী ও ময়ূর-১, বরিশালের মুলাদীগামী ঝাণ্ডা, চর ভৈরবীগামী বোগদাদিয়া-৮, শরীয়তপুরের বালাবাজারগামী মানিক-৩, হাটুরিয়াগামী স্বর্ণদ্বীপ এবং নারায়ণগঞ্জের তালতলাগামী তানজিল-৩। যান্ত্রিক ত্র"টির কারণে দুটি লঞ্চ ছেড়ে যায়নি বলে জানান সদরঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ট্রাফিক ইন্সপেক্টর মাহতাব উদ্দিন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দক্ষিণাঞ্চল ছেড়ে আসা ১৮টি লঞ্চ সকালে সদরঘাটে ভিড়েছে। এ সংখ্যা আগের দিনের চেয়ে বেশি। নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে নৌশ্রমিকদের জন্য গ্রহণযোগ্য মজুরি কাঠামোসহ ২২ দফা দাবিতে শুক্রবার মধ্যরাত থেকে ধর্মঘটের ডাক দেয় নৌযান শ্রমিক ফেডারেশন। তবে তাদের দাবিকে অযৌক্তিক আখ্যা দিয়ে নৌমন্ত্রী শাহজাহান খান বলছেন, এ ধর্মঘট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রোববার ধর্মঘট প্রত্যাহার করে আলোচনার আহ্বানও জানান তিনি। তবে আহ্বান প্রত্যাখ্যান করে মন্ত্রীর পদত্যাগ দাবি করে ধর্মঘটী শ্রমিকরা। এরপর সোমবার শ্রমিক নেতা শাহ আলমকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে নৌযান শ্রমিক লীগের কার্যালয় ভাংচুরের অভিযোগ আনা হয়েছে। গত বৃহস্পতিবার নৌ শ্রমিক-মালিক-সরকার ত্রিপক্ষীয় বৈঠকে নৌযান শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হয়। নতুন কাঠামোয় মজুরি ৫০ থেকে ১০০ শতাংশ বাড়লেও ফেডারেশন কমপক্ষে ৩০০ শতাংশ বাড়ানোর দাবি জানিয়ে আসছে। নৌযান শ্রমিক লীগ, জাহাজি শ্রমিক ফেডারেশন নতুন মজুরি কাঠামোকে স্বাগত জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১২২ ঘ.