২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌযান শ্রমিক ফেডারেশনের ১২৫ জনের বিরুদ্ধে মামলা

নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনটির একশ ২৫ জনের বিরুদ্ধে মামলা করেছে নৌশ্রমিকদের সরকার সমর্থক এক সংগঠন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2010, 02:35 PM

Updated : 24 Aug 2022, 09:17 PM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনটির একশ ২৫ জনের বিরুদ্ধে মামলা করেছে নৌশ্রমিকদের সরকার সমর্থক এক সংগঠন। কোতোয়ালী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম রোববার রাত ৮টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জনৈক সজীব আহমেদ গত ৭ মে মামলাটি করেন। মামলায় ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুর রহমানসহ (পটল) প্রায় একশ ২৫ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। বাংলাদেশ নৌযান শ্রমিক লীগের সভাপতি মাঈনুল হক মঈন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সজীব তার সংগঠনের একজন নেতা। নৌযান শ্রমিক লীগের কার্যালয় ভাংচুরের অভিযোগে মামলাটি করা হয়েছে। হামলকারীরা এক পর্যায়ে আতঙ্ক সৃষ্টির জন্য গুলি করে বলেও দাবি করেন মাঈনুল। নৌযান শ্রমিক লীগের কার্যালয়ে হামলা, ভাংচুর এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের অভিযোগে দ্রুত বিচার আইনে গত ৭ মে'র তারিখে মামলাটি করা হয়। তবে মামলার বিষয়টি প্রকাশ হয়েছে রোববার। উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, ২২ জনের নাম উল্লেখ করে মোট একশ ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অন্য আসামীরা অজ্ঞাতনামা। মামলায় অভিযুক্তদের মধ্যে নৌযান শ্রমিক ফেডারেশনের কোষাধ্যক্ষ আব্দুল মালেকও রয়েছেন। এ ব্যাপারে মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত ৭ মে'র তারিখে মামলা হয়েছে দেখানো হলেও প্রকাশ হয়েছে আজই।" তিনি দাবি করেন, "এতে অনেককে অভিযুক্ত করা হয়েছে, যারা ওই সময় সদরঘাট এলাকায় ছিলোই না।" ভারপ্রাপ্ত সভাপতি ও কোষাধ্যক্ষ অভিযোগ করেন, আন্দোলন দমনে সরকার একটি 'পকেট সংগঠনের' নেতাদের দিয়ে বিরুদ্ধে মিথ্যা মামলা করিয়েছে। তবুও ফেডারেশন আইনগতভাবে এ বিষয়টি মোকাবেলা করবে বলে জানান তারা। তারা তাদের 'কর্মবিরতি'ও প্রত্যাহার করবে না। মামলা প্রসঙ্গে শ্রমিক লীগের সভাপতি বলেন, "ঘটনায় যারা জড়িত ছিলো তাদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে। মামলার স্বাক্ষীও রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২১২৭ ঘ.