চট্টগ্রাম, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ও কক্সবাজারে পাহাড় কাটা বন্ধের দাবিতে নগরীতে মানববন্ধন ও সমাবেশ করেছে একটি পরিবেশবাদী সংগঠন।
রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে পরিবেশবাদী সংগঠন জনউদ্যোগ আয়োজিত ওই কর্মসূচিতে সংহতি জানিয়ে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর, ইসলামপুর ও দক্ষিণ খুলশী এবং কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডসহ বিভিন্ন এলাকায় দিন এবং রাতে প্রশাসনের নাকের ডগায় নির্বিচারে পাহাড় কাটা চলছে। পরিবেশবিধ্বংসী এই কর্মকাণ্ডে কারণে চট্টগ্রাম ও কক্সবাজারের প্রাকৃতিক পরিবেশ ক্রমাগত বিপর্যয়ের দিকে যাচ্ছে।
বক্তারা অবিলম্বে পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সমাবেশে অন্যদের মধ্যে অধ্যাপক ইদ্রিস আলী, জনউদ্যোগের সমন্বয়কারী শরীফ চৌহান, সাংবাদিক আলীউর রহমান, ফেরদৌস আহম্মদ, সালাহউদ্দিন কবির সুমন, কায়সার আলম ও প্রীতম দাশ প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৯৫৬ ঘ.
bdnews24