২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সভাপতির লাঠিপেটায় আহত প্রধান শিক্ষক

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ভেতরভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে ব্যবস্থাপনা কমিটির সভাপতি লাঠিপেটা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2010, 01:36 PM

Updated : 24 Aug 2022, 09:17 PM

নাটোর, মে ০৯ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ভেতরভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে ব্যবস্থাপনা কমিটির সভাপতি লাঠিপেটা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিদ্যালয়ে প্রধান শিক্ষিকার কার্যালয়ে এ ঘটনা ঘটে। মাহমুদা বেগম (৫২) নামের ওই শিক্ষক পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। রোববার স্বাস্থ্য কমপ্লেক্সে মাহমুদা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস (৩২) শনিবার সকাল সাড়ে ৮টায় কয়েকজন লোকসহ স্কুলে গিয়ে পিয়ন আব্দুস সাত্তারকে ছুটির ঘন্টা দিতে বলেন। বাধা দিলে কুদ্দুস অন্য শিক্ষকদের কক্ষ থেকে বের করে দিয়ে তাকে চুল ধরে মেঝেতে ফেলে দেন এবং লাঠিপেটা শুরু করেন। কুদ্দুসের সঙ্গে থাকা সোহান, মিন্টু, আলিমুদ্দিন, আনোয়ার, রিয়াজ ও এনামুলও তাকে লাঠি দিয়ে মারে। মাহমুদা বেগম বলেন, গত মার্চে ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিজয়ীদের মধ্য থেকে আব্দুল কুদ্দুস ও আব্দুর রাজ্জাককে স্থানীয় সাংসদ সভাপতি পদের জন্য অনুমোদন পত্র দেন। কিন্তু প্রধান শিক্ষিকার ক্ষমতাবলে তিনি কুদ্দুসের নাম বাদ দিয়ে আব্দুর রাজ্জাকসহ তিনজনের নামের তালিকা শিক্ষা বোর্ডে পাঠান। বোর্ড কুদ্দুসকে সভাপতি নিযুক্ত করার পর তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। এতে ক্ষিপ্ত হয়ে বেশ কিছুদিন থেকে কুদ্দুস তাকে স্কুল ও রাস্তাঘাটে গালিগালাজ এবং পদ ছেড়ে দিতে বলে আসছিলেন। বাগাতিপাড়া থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান বলেন, "লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলেও গিয়েছিলাম। সবই সত্য। তবে মামলা এখনও নথিভুক্ত করিনি। এলাকার লোকজন দুই/একদিন দেরি করতে বলেছে। মিটমাট হয়ে গেলে মামলা করা লাগবে না।" অপরাধীদের গ্রেপ্তার না করার কারণ জানতে চাইলে তিনি বলেন, ওসি ছুটিতে আছেন। তিনি এলে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম কুমার বলেন, "ঘটনাটি প্রধান শিক্ষক আমাকে জানিয়েছেন। এ ব্যাপারে মন্তব্য করার কোন ভাষা আমার নেই। তবুও আমি তাকে সব রকম প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দিয়েছি।" পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সিরাজুল ইসলাম বলেন, তার (প্রধান শিক্ষক) শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আরো কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। অভিযুক্ত কুদ্দুস বলেন, "প্রধান শিক্ষিকা কাউকেই মানেন না। আমি আওয়ামী লীগ করি। আগামীতে ইউপি নির্বাচন করবো। তাই এলাকার ভালমন্দ দেখতে হচ্ছে।" "স্থানীয় সাংসদ আমাকে সভাপতি করেছেন। অথচ তিনি মানতে চান না। তাই তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। এটা ছাড়া আমার করার কিছুই ছিল না," বলেন তিনি। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯২৭ ঘ.