ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিডিআর দরবার হলে বিদ্রোহের সময় জওয়ানদের সঙ্গে সামনের সারিতে ছিলেন সিগন্যাল সেক্টরের সুবেদার মেজর আনসার আলী বীরপ্রতীক।
দরবার হলে স্থাপিত বিশেষ আদালতের বিচারক প্যানেলের প্রধান মেজর জেনারেল মো. মইনুল ইসলাম তার কাছে সেদিন দরবার হলে ঘটনার সূত্রপাত সম্পর্কে জানতে চান।
আনসার আলী আদালতকে জানান, তিনি কিছুই দেখেননি। অস্ত্রহাতে একজন (সিপাহী মইন-বর্তমানে নিখোঁজ) মঞ্চের দিকে এগোতে দেখে হট্টগোল শুরু হয়। তখন অন্যদের সঙ্গে তিনিও পালিয়ে যান।
আদালত জানতে চায়, স্বাধীনতা যুদ্ধে সাহসিকতার জন্যে আপনাকে বীরপ্রতীক খেতাব দেওয়া হয়েছে। সেখানে বিডিআর দরবার হলে একজন মাত্র সিপাহীকে অস্ত্রহাতে ঢুকতে দেখে ডিজির নির্দেশ অমান্য করে আপনি কিভাবে পালিয়ে গেলেন? এর মানে কি এই নয় যে, ওই বিদ্রোহের প্রস্তুতি নিশ্চয়ই আপনার আগে থেকেই জানা ছিল।
শনিবার বিডিআর দরবার হলে শুনানির বিভিন্ন পর্যায়ে সংশ্লিষ্ট অভিযুক্তদের কাছে সেদিনের ঘটনার বর্ণনা জানতে চান বিডিআর মহাপরিচালক। কিন্তু দরবার হলে উপস্থিত থাকা সত্ত্বেও, ঘটনার সময় সিগন্যাল রুম ও বিভিন্ন স্থানে গোয়েন্দা কার্যক্রমে দায়িত্বে থাকলেও কেউ কিছু দেখেনি, কোন বিদ্রোহীকেই তারা চিনতে পারেননি বলে দাবি করেন সিগন্যাল সেক্টর ও আরএসইউ সদস্যরা।
সকাল সোয়া ১০টায় পিলখানার দরবার হলের বিশেষ আদালত-৬ এ প্রথমে সিগন্যাল সেক্টর, দুপুর ১২টা নাগাদ রাইফেলস সিকিউরিটি ইউনিটের বিদ্রোহী সদস্যদের বিচার প্রক্রিয়া শুরু হয়।
প্রসিকিউটরের অভিযোগ শেষে সিগন্যাল সেক্টরের জন্যে ৫ ডিসেম্বর, আরএসইউ সদস্যদের জন্য ১৯ ডিসেম্বর অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করা হয়। এ সময় সকল অভিযুক্তদের আদালতে হাজির করা হয়।
সিগন্যাল সেক্টরের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম সরকার আদালতে বলেন, "বিদ্রোহের পরিকল্পনার বিষয়ে এই সেক্টরের সদস্যরা প্রথম থেকেই অবহিত ছিল। এমনকি এরাই লাশ গুম করার মূল দায়িত্ব পালন করে। বিদ্রোহ শুরু হওয়ার পরে যখন বিভিন্ন স্থান থেকে বিডিআর এক্সচেঞ্জে যোগাযোগ করা হয়, তখন এই সেক্টরের সদস্যরা গুজব ছড়ায়। এমনকি এই সেক্টরের মাধ্যমেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের বিডিআর সদস্যদের মধ্যে নানারকম উস্কানিমূলক গুজব ছড়ানো হয়।"
সেক্টরের সুবেদার মেজর মো. আনসার আলী এ সময় ডিজির নির্দেশ অমান্য করে দরবার হল থেকে চলে যান ও ইউনিটে গিয়ে বিদ্রোহে যোগ দেন।
আদালত এ সময় আনসার আলীর কাছে সেদিনের ঘটনার বর্ণনা জানতে চান। কিন্তু তিনি জানান, ভিড়ের মধ্যে পালিয়ে চলে যাওয়ায় তিনি কিছুই দেখেননি। এমনকি মাইকেও কোন নির্দেশ শোনেননি। কে অস্ত্র নিয়ে দরবার হলে এসেছিল, জানতে চাইলে তিনি কারও চেহারা দেখতে পাননি বলে দাবি করেন।
সেদিন নায়েক সুবেদার আবুল কাশেম সিগন্যাল সেক্টরে ডিউটিতে ছিলেন। তার কাছে সেদিনের বর্ণনা শোনেন আদালত। হাবিলদার মোস্তাফিজের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। তবে তিনি তা অস্বীকার করেন।
আনসার আলী বিদ্রোহে জড়িত ছিলেন না বলে দাবি করলেও একপর্যায়ে জানান, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্য সাংসদরা যখন পিলখানায় প্রবেশ করেন, তখন তিনি ৪নং গেটে উপস্থিত ছিলেন।
প্রসিকিউটর অভিযোগ করেন, সিপাহী শরিফুল ইসলাম উস্কানিমুলক বক্তব্য দিয়ে মাইকিং করেন। কিন্তু শরীফুল দাবি করেন, সে কোন মাইকিং করেননি। কোন মাইকিং শোনেনওনি। বিদ্রোহের সময় তিনি রুমেই ছিলেন। বাইরে কি হয়েছে, তার কিছুই জানেন না।
অভিযুক্তদের মধ্যে বিদ্রোহে অংশ নেওয়া, সহযোগিতা করা, লাশগুম করা ছাড়াও স্বর্ণালঙ্কার চুরির মতো অভিযোগ রয়েছে। যদিও এই আদালতে শুধুমাত্র বিদ্রোহের বিচার করা হচ্ছে।
দুপুর ১২টায় দ্বিতীয় দফা আদালতের বিচার প্রক্রিয়া শুরু হয়। বিডিআরের তৎকালীন গোয়েন্দা শাখা রাইফেলস সিকিউরিটি ইউনিটের বিদ্রোহী সদস্যদের আদালতে হাজির করা হয়।
ইউনিটের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আতিকুজ্জামান অভিযোগ করেন, এই ইউনিটটি প্রথম থেকেই বিদ্রোহে জড়িত ছিল। বিদ্রোহীদের গোপন সভা সম্পর্কে তারা উর্ধ্বতনদের তো জানায়নি, এমনকি নিজেরা তাতে অংশ নেয়। তারা লিফলেট বিতরণ করে।
প্রসিকিউটর বলেন, বিডিআর সপ্তাহ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে অতিরিক্ত আরএসইউ সদস্যদের ঢাকায় আনা হয়েছিল। সেদিন দরবার হল, পিলখানার বিভিন্ন স্থানে ৭০ জন গোয়েন্দা সদস্য ছিল। কিন্তু তাদের একজনও ঘটনা সম্পর্কে কাউকে আগাম সতর্কবার্তা দেয়নি। এমনকি দরবার হলে যেসব সদস্য দায়িত্বে ছিলেন, সিপাহী মইনকে অস্ত্রহাতে এগোতে দেখে কেউ কোন ভুমিকা পালন করেনি। উল্টো এসব সদস্যরা আদেশ লঙ্ঘন করে দরবার হল ত্যাগ, অস্ত্র হাতে মহড়া ও লুটপাট করে। সুবেদার ইউসুফ আলী, হাবিলদার দাউদ আলী বিশ্বাস অস্ত্রাগার লুটে অংশ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/ডিডি/এইচএ/০০১৪ ঘ.
bdnews24