২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজার ও হবিগঞ্জে পরিবহন ধর্মঘট চলছে

পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা অনির্দিষ্টাকালের ধর্মঘটের তৃতীয় দিন শনিবারও মৌলভীবাজার ও হবিগঞ্জে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2010, 01:53 PM

Updated : 24 Aug 2022, 09:15 PM

মৌলভীবাজার, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা অনির্দিষ্টাকালের ধর্মঘটের তৃতীয় দিন শনিবারও মৌলভীবাজার ও হবিগঞ্জে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। তবে সিলেট থেকে মৌলভীবাজার ও হবিগঞ্জে যান চলাচল বন্ধ থাকলেও ঢাকাসহ অন্যান্য স্থানের সঙ্গে সিলেটের দূরপাল্লার যান চলাচল অব্যাহত রয়েছে। এদিকে শনিবার সকাল থেকে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের ব্যানারে মৌলভীবাজার সদরে মাইকিং করে ধর্মঘট প্রত্যারের ঘোষণা দেওয়া হয়। জেলা প্রশাসনও জানিয়েছে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে এবং কিছু গাড়ি চলছে। পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, মৌলভীবাজার মডেল থানার ওসিকে প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে সিলেট 'পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ' বৃহস্পতিবার থেকে ধর্মঘটে যায়। সিলেট বিভাগ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক সৈয়দ মফচ্ছিল আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মৌলভীবাজার ও হবিগঞ্জে অভ্যন্তরীণ রুটসহ ঢাকা, সিলেট ও চট্টগ্রাম রুটে দূরপাল্লার বাস ও ট্রাকসহ সব ধরনের মটরযান চলাচল বন্ধ রয়েছে। হবিগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীও দাবি করেন, জেলার অভ্যন্তরীণ রুট ছাড়াও হবিগঞ্জ থেকে ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এদিকে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক গ্র"পের সভাপতি আজিজুর রহমান আম্বিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধিকে বলেন, সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ রুটে যান চলাচল বন্ধ রয়েছে। তবে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামসহ দূর পাল্লার যান চলাচল অব্যাহত রয়েছে। মৌলভীবাজারের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রশাসনের সঙ্গে বৈঠকের পর পরিবহন শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহার করেছেন। শুক্রবার রাতে সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক হয় জানিয়ে বলেন, "শনিবার সকাল থেকে কিছু কিছু গাড়ি চলছে।" তবে ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি অস্বীকার করে ঐক্য পরিষদ নেতা মফচ্ছিল আলী বলেন, "প্রশাসনের সঙ্গে কোনো বৈঠক হয়নি। কিছু শ্রমিক নেতাকে নিয়ে জেলা প্রশাসন বৈঠক করেছেন বলে শুনেছি।" প্রশাসনের নির্দেশে শ্রমিকদের একটি অংশ ধর্মঘট প্রত্যাহারের ব্যাপারে শহরে মাইকিং করেছে বলে তিনি অভিযোগ করেন। মৌলভীবাজারের শেরপুর গোল চত্বরের কাছে একটি জায়গা নিয়ে পরিবহন শ্রমিকদের সঙ্গে ইজারাদারের সংঘাত ও পাল্টাপাল্টি মামলার জের ধরে এ ধর্মঘটের ডাক দেয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/১৯৪২ ঘ.