রংপুর, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা আ ন ম এহছানুল হক মিলনকে কুমিল্লা কারাগার থেকে শুক্রবার গভীর রাতে রংপুর কারাগারে আনা হয়েছে।
এ সময় কারাগারের সামনে বিক্ষোভ করে দলটির কয়েকশ' নেতাকর্মী।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিলনকে রাত পৌনে ১টার দিকে রংপুর কারাগারে নেওয়া হয়।
এর আগে দিনের বেলায় তাকে রংপুর কারাগারে আনার খবর ছড়িয়ে পড়ে। সন্ধ্যা থেকে কারাগারের সমনে জড়ো হতে থাকে দলীয় নেতাকর্মীরা।
রাত সোয়া ১২টার দিকে কারাগারের সমনে পৌঁছায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুরের সাংসদ মিলনকে বহনকারী গাড়িটি।
এ সময় সেখানে সমাবেত বিএনপির নেতাকর্মীরা গাড়িটির গতিরোধ করে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকারীরা মিলনের মুক্তি ও তার বিরুদ্ধে দায়ের সব মামলা প্রত্যাহারের দাবিতে শ্লোগান দিতে থাকে।
তারা আধা ঘণ্টা মিলনকে বহনকারী গাড়িটি আটকে রাখে। পৌনে ১টার দিকে বিপুল সংখ্যক কারারক্ষী ও পুলিশ কারাগারের প্রধান ফটক দিয়ে গাড়িটি ভেতরে নিয়ে যায়। এরপরও কিছু সময় কারাগারের সামনে বিক্ষোভ করে তারা।
বিক্ষোভে রংপুর জেলা বিএনপির আহবায়ক মোজাফ্ফর হোসেন, যুগ্ম আহবায়ক শামসুজ্জামান শামু, নীলফামারী জেলা বিএনপির নেতা জহুরুল আলম ও মোখতার হোসেন অংশ নেন।
এ সময় সেখানে মিলনের স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের ভাইস প্রেসিডেন্ট নাজমুন নাহার বেবী উপস্থিত ছিলেন।
তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে মিলনকে কুমিল্লা কারাগার থেকে রংপুর কারাগারে আনা হয়েছে।
মিলনকে ভাঙ্গাচোরা মাইক্রেবাসে আনা হয়েছে জানিয়ে বেবী বলেন, একজন অসুস্থ মানুষকে ১২ ঘণ্টা গাড়িতে বসিয়ে এভাবে রংপুরে আনা চরম অমানবিক। তার সুচিকিৎসারও ব্যবস্থা করা হচ্ছে না।
মিলনের বিরুদ্ধে দায়ের মামলাগুলো আওয়ামী লীগ নেতা মহিউদ্দীন খান আলমগীরের নির্দেশে করা বলে দাবি করেন বেবী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩০০ ঘ.
bdnews24