২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়গঞ্জে দুই দুর্ঘটনায় নিহত ৫

নারায়গঞ্জে দু'টি পৃথক সড়ক দুর্ঘটনায় শুক্রবার পাঁচজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2010, 04:18 PM

Updated : 24 Aug 2022, 09:13 PM

নারায়ণগঞ্জ, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নারায়গঞ্জে দু'টি পৃথক সড়ক দুর্ঘটনায় শুক্রবার পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুপুরে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ চৌধুরীবাড়ি তাঁতখানায় দু'জন এবং বিকালে সোনারগাঁওয়ের মেঘনা সেতু এলাকায় তিনজন মারা যান। তাঁতখানার দুর্ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসীর অবরোধে নারায়ণগঞ্জ-শিমরাইল সড়কে দুইঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা সেতু এলাকায় ফেনী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ও বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক ইউসুফ, সহকারী সুমন ও এক অজ্ঞাত পরিচয় যাত্রী নিহত হন। সংঘর্ষে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে বাসটিকে আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। পিকআপ ভ্যানের মালিকের ছোটভাই আসিফ জানিয়েছেন, নিহত ইউসুফের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার মুজাফ্ফরগঞ্জ এবং সহকারীর বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ডেকপাড়া গ্রামে। সোনারগাঁও থানার ওসি মো. ইউনুস আলী জানান, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। এদিকে সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি তাঁতখানায় বাসচাপায় মারা যান হাজেরা বেগম (৫০) ও তার নাতি হেমন্ত (৭)। আহত হয়েছে হেমন্তের ছোট ভাই নীরব (৪)। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, দুপুর ২টার দিকে ঢাকা থেকে বাসে এসে হাজেরা বেগম তার দুই নাতিকে নিয়ে তাতঁখানা এলাকায় নামেন। তখন বাসটি দ্রুত চালানো শুরু করলে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই হাজেরা ও হেমন্তের মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী নারায়ণগঞ্জ-শিমরাইল সড়ক অবরোধ করলে দুইঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বেলা সাড়ে ৪টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পলাতক রয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি এসএম বদরুল আলম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.