২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বজ্রপাতে এক পরিবারের তিনজনসহ নিহত ৫

বগুড়া ও রাজশাহীতে কালবৈশাখী ঝড়ের সময় শুক্রবার বজ্রপাতে পাঁচজন মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2010, 03:20 PM

Updated : 24 Aug 2022, 09:13 PM

বগুড়া/রাজশাহী, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়া ও রাজশাহীতে কালবৈশাখী ঝড়ের সময় শুক্রবার বজ্রপাতে পাঁচজন মারা গেছেন। এর মধ্যে সন্ধ্যায় বগুড়ার গাবতলী উপজেলার সোলারতাইর গ্রামে মারা যান একই পরিবারের তিনজন। আহত হয়েছেন একজন। বিকালে রাজশাহীর বাগমারা উপজেলায় সোনাডাঙ্গা গ্রামে দু'জন মারা গেছেন। আহত হয়েছেন আরো দুজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: বগুড়া: গাবতলী থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, সন্ধ্যা ৬টার দিকে ঝড়-বৃষ্টি শুরু হলে সোলারতাইর গ্রামের একটি পরিবারের চার নারী আম কুড়াতে যান। এ সময় বজ্রপাতে তারা আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের নেওয়ার পথে মারা যান তিনজন। এরা হলেন- মুগলি বেগম (৪০) এবং তার জা গফুন বিবি (৪২) ও প্রিয়া বেগম (৪০)। আহত গোলাপী খাতুনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এসআই জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর্জা মোহাম্মাদ আলী রেজা রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাজশাহী: বাগমারা হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম সাংবাদিকেদের জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে মাঠে কাজ শেষ করে এবং গরু নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে দুজন মারা গেছেন। এরা হলেন- সোনাডাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আকতার হোসেন (২৮) ও আবুল হোসেনের স্ত্রী রশিদা খাতুন (২৫)। বজ্রপাতে রাসেল ও শহিদ নামের আরো দুজন আহত হন। এদের বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫৪ ঘ.