ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে আওয়ামী লীগই জরুরি অবস্থা জারির পরিস্থিতি তৈরি করেছিলো বলে পাল্টা অভিযোগ করেছে বিএনপি।
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্যের জবাবে শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।
শেখ হাসিনা বৃহস্পতিবার বরগুনায় এক জনসভায় বলেন, "জোট সরকারের দুর্নীতি, লুটপাট ও ভোট চুরির পরিকল্পনার কারণেই এক-এগারো এসেছে। এক-এগারোর তারাই সুবিধাভোগী।"
মির্জা ফখরুল বলেন, "এটা সঠিক নয়। প্রধানমন্ত্রী যখন যা মন চায় বলে ফেলেন। লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা করে তারা দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে এক-এগারো এনেছেন। তারাই বলেছেন, আমাদের আন্দোলনের ফসল জরুরি অবস্থার তত্ত্বাবধায়ক সরকার। এখন নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপাতে তিনি (প্রধানমন্ত্রী) উল্টো কথা বলছেন।"
শুক্রবার সকালে জিয়া শিশু-কিশোর সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন মির্জা ফখরুল।
জিয়া শিশু-কিশোর সংগঠনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা কবরে ফুল দিয়ে তাদের নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
বরগুনার জনসভায় খালেদা জিয়াকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, "আপনি ভাঙা স্যুটকেসের মালিক ছিলেন। কিন্তু আপনি আর আপনার সুযোগ্য ছেলে দুর্নীতি না করলে এতো বিপুল পরিমাণ কালো টাকা কীভাবে সাদা করেছেন। এর জবাব জনগণের কাছে দিতে হবে।"
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, "নিয়মতান্ত্রিকভাবে আইন অনুযায়ী কালো টাকা সাদা করা হয়েছে। আইন সবার জন্য সমান। একে ভিন্ন চোখে দেখার অবকাশ নেই। জবাব শুধু বিরোধী দলকে নয়, সবাইকে দিতে হবে।"
সিলেটে জাতীয়তাবাদী ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষের ঘটনাকে 'দুঃখজনক ও বিচ্ছিন্ন' অভিহিত করে তিনি বলেন, বড় দলে একরকম ঘটনা ঘটতেই পারে। তবে এটা কেনো হয়েছে, দলের কেউ দায়ী হলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সরকারবিরোধী আন্দোলন সম্পর্কে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সাংবাদিকদের বলেন, "সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমনপীড়ন চালাচ্ছে। আমাদের কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য করছে। এরকম অবস্থা চলতে থাকলে জনগণকে সঙ্গে নিয়ে হরতালের মতো কঠোর কর্মসূচি দেওয়া ছাড়া উপায় থাকবে না।"
বিএনপি নিয়মতান্ত্রিক ইতিবাচক রাজনীতিতে বিশ্বাস করে দাবি করে তিনি বলেন, তাই দেশ ও জাতির স্বার্থে বিএনপি গত ১৬ মাসে এমন কোনো কর্মসূচি দেয়নি যাতে দেশের অর্থনীতির ক্ষতি হয়। এটিকে সরকার সুযোগ হিসেবে নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এমআই/১৩৪২ ঘ.
bdnews24