২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে আরো তিন বখাটের কারাদণ্ড

নারায়ণগঞ্জে ইভটিজিংয়ের দায়ে আরো তিন তরুণকে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ নিয়ে নারায়ণগঞ্জে নয়জনকে সাজা দেওয়া হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2010, 05:57 PM

Updated : 24 Aug 2022, 09:11 PM

নারায়ণগঞ্জ, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জে ইভটিজিংয়ের দায়ে আরো তিন তরুণকে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ নিয়ে নারায়ণগঞ্জে নয়জনকে সাজা দেওয়া হলো। বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ জেষ্ঠ্য বিচার বিভাগীয় হাকিম আশরাফুজ্জামান জিলানী এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ইসদাইর এলাকার আল আমিন (১৯), রতন মিয়া (১৯) ও সুজন চন্দ্র দাস (২২)। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাঈনুর রহমান সাংবাদকিদের জানান, বৃহস্পতিবার দুপুরে শহরের মাসদাইর শেরেবাংলা সড়ক এলাকার নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এদের গ্রেপ্তার করা হয়। এরা বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে ছাত্রীদের উত্যক্ত করছিল। পরে তাদের আদালতে পাঠানো হয়। গত মঙ্গলবার দুপুরে শহরের মন্ডলপাড়া এলাকায় অবস্থিত গণবিদ্যা নিকেতন স্কুলের সামনে থেকে র‌্যাব সদস্যরা কামাল হোসেন (২২), মামুন (১৬), সাইফুল ইসলাম ওরফে নাহিদ খান (১৮), সুমন শেখ (১৮), সেন্টু মিয়া (২০) ও অপু ইসলামকে (২০) আটক করে। পরে তাদের নারায়ণগঞ্জ সদর হস্তান্তর করা হয়। বুধবার আদালত তাদের সাতদিনের কারাদণ্ড দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩২৭ ঘ.