ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে মোবাইল ফোন অপরেটর গ্রামীণফোনের একটি গ্রাহকসেবাকেন্দ্রে লুট হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুরান ঢাকার পাটুয়াটুলীর ওই সেবাকেন্দ্রে লুটের সময় কেন্দ্রটির মালিক আতিকুর রহমান রোজেটকে (৩০) গুলি করে সন্ত্রাসীরা।
কোতোয়ালী থানার ওসি মো. সালাউদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৫৮ পাটুয়াটুলী গ্রামীণফোন সেবাকেন্দ্রে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
তবে কী পরিমাণ টাকা লুট হয়েছে তার কোনো হিসাব দিতে পারেননি ওসি।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোজেট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করার সময় সাত-আটজন অস্ত্রধারী যুবক তার দোকানে প্রবেশ করে।
লুট করে দোকান থেকে বেরুনোর সময় এলাকাবাসী ও তিনি সন্ত্রাসীদের ঘিরে ফেলেন বলে জানান রোজেট। এ সময় এক সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি করলে তা রোজেটের ডান পায়ে লাগে।
দুই সন্ত্রাসীকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে দাবি করেন রোজেট।
কোতোয়ালী থানার উপপরিদর্শক জানান, গণধোলাইয়ের শিকার দুই সন্ত্রাসীর একজনের নাম জুয়েল হোসেন মানিক (৩০), অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
আটক দুই সন্ত্রাসীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানান ওই এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২২৫৮ ঘ.
bdnews24