২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশ্বরদীতে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ

বালু মহালের কর্তৃত্ব নিয়ে পাবনার ঈশ্বরদীতে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2010, 12:58 PM

Updated : 24 Aug 2022, 09:12 PM

পাবনা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বালু মহালের কর্তৃত্ব নিয়ে পাবনার ঈশ্বরদীতে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ একজনকে গ্রেপ্তার করছে পুলিশ। সারাঘাট এলাকায় বালুমহাল নিয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টুর অনুসারীদের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের উপজেলা যুগ্ম আহ্বায়ক মুকুলের বিরোধ চলছিলো বলে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন মিয়াজি জানান। তিনি সাংবাদিকদের বলেন, সকাল ১১টার দিকে মিন্টুর লোকজন বালু তুলতে গেলে মুকুলের সমর্থকরা বাধা দেয়। এক পর্যায়ে দুই পক্ষের মারামারি শুরু হয়। স্থানীয়রা জানায়, সংঘর্ষের সময় উভয় পক্ষ অস্ত্র নিয়ে গোলাগুলিতে লিপ্ত হয়। এতে আহত হয় ১০ জন। এ বিষয়ে পুলিশ বাদি হয়ে ঈশ্বরদী থানায় একটি মামলা করেছে। হামলায় জড়িত অভিযোগে জিয়া (৩০) নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়। পুলিশ হেফাজতে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ জিপ্পু (২৫) নামে একজনকেও স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে বলে স্থানীয়রা জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৮৫৩ ঘ.