ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে বিভাগীয় সাংগঠনিক মহাসমাবেশে যোগ দিতে বুধবার সকালে সড়ক পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
রাজশাহীর আলিয়া মাদ্রাসা ময়দানে বিকাল ৩টায় ওই মহাসমাবেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।
খালেদা জিয়ার গাড়িবহর সকাল ৯টার দিকে তার ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসা থেকে রওনা হয়। গাড়িতে তার সঙ্গে আছেন দলের সহসভাপতি সেলিমা রহমান।
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ম্যাডাম রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছেন। রাজশাহী পৌঁছে সার্কিট হাউজে মধ্যহ্নভোজ শেষে দলীয় সমাবেশে যোগ দেবেন তিনি।"
খালেদার গাড়ি বহরে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ জানান, সিরাজগঞ্জের যুমনা রিসোর্টে ২০ মিনিট যাত্রা বিরতির পর বিএনপি চেয়ারপার্সন দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছেন।
ঢাকা থেকে সিরাজগঞ্জের পথে রাজধানীর উত্তরা, গাজীপুরের টঙ্গী, গাজীপুর ও টাঙ্গাইলের বিভিন্ন স্থানে সড়কের দুই পাশে দাঁড়িয়ে দলের নেতাকর্মীরা দলের প্রধানকে করতালি দিয়ে স্বাগত জানায়। তিনি হাতে নেড়ে তাদের অভিন্দনের জবাব দেন।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর রাজশাহীতে এটি হতে যাচ্ছে খালেদা জিয়ার প্রথম মহাসমাবেশ।
বিএনপি ছয়টি বিভাগীয় শহরে সমাবেশ অনুষ্ঠানের যে কর্মসূচি নিয়েছে এটি তার তৃতীয়টি। প্রথমটি হয় চট্টগ্রামের লালদিঘী ময়দানে গত ২৯ মার্চ। এরপর ১৮ এপ্রিল হয় খুলনার শিববাড়ী মোড়ে।
রাজশাহীতে অবস্থানরত দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সকালে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সমাবেশে নেত্রী দেশের বর্তমান চিত্র অর্থাৎ সরকারি দলের সন্ত্রাস, টেন্ডারবাজি, নারী নির্যাতন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পানি-বিদ্যুৎ-গ্যাস সঙ্কট, দেশবিরোধী চুক্তি ও সর্বশেষ ভোলার উপনির্বাচনের কারচুপির বিষয় তুলে ধরবেন।"
রাজশাহীর নগর পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) সহকারী কমিশনার তারিকুল ইসলাম জানিয়েছেন, মহাসমাবেশ উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। থাকবে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মঞ্চ, সমাবেশ স্থল এবং সমাবেশের বাইরে নিরাপত্তা কর্মীরা কাজ করবে।
বিএনপি রাজশাহীর পর আগামী ১২ মে বরিশাল এবং ১৯ মে ঢাকার পল্টন ময়দানে বিভাগীয় মহাসমাবেশ করবে। সর্বশেষ মহাসমাবেশ করবে সিলেটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এমএসবি/১৩১০ ঘ.
bdnews24