রাজশাহী, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপির রাজশাহী বিভাগীয় মহাসমাবেশ বুধবার।
বিকাল ৩টায় রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলটির চেয়ারপার্সন ও সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। সকাল ৯টার দিকে ঢাকা থেকে রাজশাহীর পথে রওনা হয়েছেন তিনি।
এর আগে চট্টগ্রাম ও খুলনায় বিভাগীয় সমাবেশ করেছে বিএনপি।
মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে বিভাগীয় সমাবেশের প্রস্তুতি ও সার্বিক বিষয় জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বিভাগীয় সমাবেশের প্রধান সমন্বয়ক।
তিনি বলেন, সকাল ৯টায় খালেদা জিয়া রাজশাহীর উদ্দেশ্যে সড়ক পথে ঢাকা ছাড়বেন। সমাবেশে রাজশাহী বিভাগের সব জেলার নেতাকর্মীরা যোগ দেবে।
সমাবেশে বিরোধীদলীয় নেতা আইন-শৃঙ্খলা, গ্যাস-বিদ্যুৎ, পানি, দ্রব্যমূল্যসহ বর্তমান পরিস্থিতি, ভারতের সঙ্গে চুক্তি ও ভোলার উপনির্বাচন নিয়ে বক্তব্য রাখবেন।
সমাবেশে সভাপতিত্ব করবেন দলের যুগ্ম মহাসচিব রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির উপদেষ্টা মণ্ডলীল সদস্য ফজলুর রহমান পটল, দলের নেতা মিজানুর রহমান মিনু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রমুখ।
বিএনপি নেতারা জানান, খালেদা জিয়াকে স্বাগত জানাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সড়কগুলোতে প্রায় আটশ' তোরণ নির্মাণ করা হয়েছে। রাজশাহী নগরীকে সাজানো হয়েছে ব্যানার ফেস্টুন আর দলীয় পতাকা দিয়ে।
এদিকে সমাবেশকে ঘিরে ইতোমধ্যে রাজশাহীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র্যাব, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপরতা চালাচ্ছে।
নগর পুলিশের বিশেষ শাখার (এসবি) সহকারী কমিশনার তারিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সমাবেশে থাকবে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মঞ্চ, সমাবেশ স্থল ও সমাবেশের বাইরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে।
তিনি জানান, সমাবেশস্থলে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। আটটি ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে পরিস্থিতির ওপর নজর রাখা হবে। সব মিলিয়ে পুলিশের প্রায় নয়শ' সদস্য মোতায়েন থাকবে। এর বাইরে র্যাব সদস্যরা কাজ করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/০৯১২ ঘ.
bdnews24