ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় আরো ৫১৬টি মামলা তুলে নেওয়ার সুপারিশ করেছে এ সংক্রান্ত সরকারি কমিটি।
এ নিয়ে ওই কমিটি ৪ হাজার ৬৮৭টি মামলা প্রত্যাহারের সুপারিশ করলো। এর মধ্যে দণ্ডবিধির ৪ হাজার ৪২৯টি এবং দুর্নীতি দমন কমিশনের ২৫৮টি।
মঙ্গলবার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত জাতীয় কমিটির সপ্তদশ সভায় নতুন সভায় মঙ্গলবার মোট ৯৭৩টি মামলা পর্যালোচনার জন্য ওঠে।
কমিটির প্রধান আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এর মধ্যে ৫১৬টি মামলা প্রত্যাহারের সুপারিশ এবং ১২১টি প্রত্যাহারের আবেদন নাকচ করা হয়েছে। বাকি ৩৩৬টি আবেদন আরো পরীক্ষা করে পরবর্তী সভায় উপস্থাপন করতে বলা হয়েছে।
সভায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ১৯টি মামলার মধ্যে ১০টি বাতিলের সুপারিশ করা হয়।
দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে জানিয়েছে, মামলা প্রত্যাহারের সুপারিশ তারা পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেবে।
মঙ্গলবারের বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের দায়ের করাসহ দণ্ডবিধির ৯৫৪টি মামলার মধ্যে ৫০৬টি প্রত্যাহারের সুপারিশ করা হয়।
সুপারিশ করা মামলার মধ্যে আওয়ামী লীগ সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, আওয়ামী লীগের প্রাক্তন সংসদ সদস্য এইচবিএম ইকবাল ও হাজী মোহাম্মদ সেলিম, ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা সাঈদ খোকন এবং প্রশিকার চেয়ারম্যান কাজী ফারুক আহমেদের মামলা রয়েছে।
বিরোধী দলের নেতা-কর্মীদের দায়ের করা কোনো মামলা প্রত্যাহারের আবেদন সুপারিশের জন্য বিবেচনা করা হয়নি বলে জানান প্রতিমন্ত্রী।
বিরোধী দল অভিযোগ করে আসছে, এ প্রক্রিয়ায় সরকারি দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার হলেও তাদের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার হচ্ছে না।
কমিটি এ পর্যন্ত বিএনপি নেতা মওদুদ আহমেদ এবং তারেক রহমানের বিরুদ্ধে করা দুটি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/এমআই/১৮৩৫ ঘ.
bdnews24