২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা নিহত

কুষ্টিয়ার মিরপুর উপজেলার কলাবাড়িয়া গ্রামে সোমবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আলিম বিশ্বাস (৩৫) নামের এক চরমপন্থী নেতা নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2010, 04:43 AM

Updated : 24 Aug 2022, 09:09 PM

কুষ্টিয়া, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার মিরপুর উপজেলার কলাবাড়িয়া গ্রামে সোমবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আলিম বিশ্বাস (৩৫) নামের এক চরমপন্থী নেতা নিহত হয়েছে। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) সৈয়দ মোস্তফা কামাল জানান, আলিম বিশ্বাস নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন গনবাহিনীর আঞ্চলিক নেতা। সে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কলাবাড়িয়া গ্রামের মৃত নুর ইসলাম বিশ্বাসের ছেলে। পুলিশ জানায়, কলাবাড়িয়ায় জনৈক আবু বক্করের কলাবাগানে এক দল চরমপন্থী সন্ত্রাসী বৈঠক করছে বলে সোমবার রাতে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশ সংবাদ পায়। ঐ সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ মিরপুর থানা পুলিশের সহযোগিতায় রাত ২ টার দিকে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা কলাবাগানের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। পুলিশ পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়। প্রায় বিশ মিনিট বন্দুকযুদ্ধের পর সন্ত্রাসীরা টিকতে না পেরে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে আলিম বিশ্বাসের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি, পাঁচ রাউন্ড গুলি, পাঁচটি গুলির খোসা, চারটি ককটেল ও একটি তলোয়ার উদ্ধার করেছে। এএসপি কামাল জানান, আলিম বিশ্বাসের বিরুদ্ধে কুষ্টিয়ার মিরপুর থানায় তিনটি হত্যা, দুইটি অস্ত্র, দুইটি চাঁদাবাজিসহ আটটি মামলা ও কয়েকটি সাধারন ডায়েরি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১০৩৫ ঘ.